শান্তি সমাবেশের সেই ডা. ফজলে রাব্বি এখন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক
মেডিভয়েস রিপোর্ট: শান্তি সমাবেশ সংগঠিত করা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শেখ ফজলে রাব্বিকে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) নিয়োগ দিয়েছে মন্ত্রণালয়। সেইসঙ্গে আরও ছয় চিকিৎসককে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখার সিনিয়র সহকারী সচিব আবু রায়হান দোলন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বদলির তথ্য জানা গেছে।
চিকিৎসকরা বলছেন, শেখ হাসিনা সরকারের পতনের আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে ৩ আগস্ট কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন হাসপাতালটির পরিচালক ডা. শেখ ফজলে রাব্বি।
এ বিষয়ে জানতে চাইলে ডা. শেখ ফজলে রাব্বি মেডিভয়েসকে বলেন, ‘আমি কুমিল্লা মেডিকেলের পরিচালক ছিলাম, সে হিসেবে পদের কারণে আমাদের ওখানে যেতে হয়েছিল। এখানে কেউ খুশিতে গেছে, কাউকে আবার অখুশিতে যেতে হয়েছে।’
তিনি বলেন, ‘আমাদের অতীতে এমন কোনো কার্যকলাপ নেই, ছাত্রদের কাজে বাধা দেওয়া বা হুমকি-ধমকি দেওয়া এমন কিছু নেই। কিন্তু পদের কারণে যেতে হয়েছে। ছাত্র বা ছাত্রজনতার আমার বিরুদ্ধে কখনো কোনো অভিযোগ ছিল না। সব সময় নিরপেক্ষভাবে কাজ করেছি।’
ডা. শেখ ফজলে রাব্বি বলেন, ‘পদের কারণে ড্যাবের (বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন) ডাক্তাররাও শান্তি সমাবেশে গিয়েছিল। আমাদের ডিডি (উপপরিচালক) সাহেবসহ আরও কয়েকজন একই কারণে গিয়েছিলেন।’
শান্তি সমাবেশে উপস্থিত থাকার জন্য নিজে ‘অনুতপ্ত’ উল্লেখ করে তিনি বলেন, ‘যারা শহিদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা অসুস্থ তাদের সেবা দিয়ে যাচ্ছি। সবাই জানে আমরা কিভাবে তাদের সাহায্য করেছি। বাধ্য হয়ে উপস্থিত থাকার কারণে যদি আমাদের অপরাধ হয়ে থাকে, তার জন্য আমরা অনুতপ্ত, দুঃখিত।’
আরও যারা বদলি হলেন
স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে অধিদপ্তরের উপপরিচালক (পার-১) ডা. মো. মাসুদ পারভেজকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে পাঠানো হয়েছে।
এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তরে সহকারী পরিচালক হিসেবে ওএসডি থাকা ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীকে উপপরিচালক হিসেবে বদলি করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।
একই প্রজ্ঞাপনে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. হারুন-অর-রশীদকে রংপুর বিভাগের বিভাগীয় পরিচারক (স্বাস্থ্য), চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. অং সুই প্রু মারমাকে চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এ ছাড়া সিবিএইচসির প্রোগ্রাম ম্যানেজার (প্রকিউরমেন্ট এন্ড লজিস্টিকস) ডা. মো. ফারুক হোসেনকে ওএসডি করে ময়মনসিংহ আইএইচটিতে এবং স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি থাকা ডা. মাহবুব আরেফীন রেজানুরকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আইএইচটিতে সংযুক্ত করা হয়েছে।
এনএআর/এসএইচ
-
২ ঘন্টা আগে
দশ জেলায় আইসিইউ উদ্বোধন
এক হাজার শয্যার ২০ হাসপাতাল নির্মাণের পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী
-
৩ ঘন্টা আগে
-
১৩ জুন, ২০২৬
-
১২ জুন, ২০২৬
-
১১ জুন, ২০২৬
-
১০ জুন, ২০২৬
-
০৯ জুন, ২০২৬
-
০৯ জুন, ২০২৬