১৪ মার্চ, ২০২৫ ০৩:১৩ পিএম

শেবাচিম দাওয়াহ সোসাইটির আয়োজনে রমাদান সেমিনার ও ইফতার

শেবাচিম দাওয়াহ সোসাইটির আয়োজনে রমাদান সেমিনার ও ইফতার
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে (শেবাচিম) রমাদান সেমিনার ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) মেডিকেল দাওয়াহ সোসাইটি অব বাংলাদেশ শেবাচিম শাখার উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজিত হয়। এতে শেবাচিম ও সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজের ইসলাম ও ভিন্ন ধর্মাবলম্বী ৭৫০ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে।

এদিন বিকাল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এ সেমিনার। শেবাচিমের উপাধ্যক্ষ ডা. রেফায়েতুল হায়দারের সভাতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ড্যাফোডিল ইসলামিক সেন্টারের পরিচালক শায়েখ মোখতার আহমেদ। এতে সঞ্চালনা করেন ৫১তম ব্যাচের দাওয়াহ সোসাইটি টিম লিডার মাহমুদুল হাসান রেজা। সেমিনারের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন ৫১তম ব্যাচের হাফেজ ইখতিয়ার হোসাইন। স্বাগত বক্তব্য প্রদান করেন মোহাম্মদ শেফাত এ হানিফ।

সভাপতির বক্তব্যে উপাধ্যক্ষ ডা. রেফায়েতুল হায়দার বলেন, ‘এ ধরনের প্রোগ্রাম বেশি বেশি হওয়া দরকার। আমাদের ধর্ম সম্পর্কে, আমাদের প্রকৃত পরিচয় সম্পর্কে সচেতন থাকতে এরকম আয়োজন সবসময় সহযোগিতা করবে। সময়ের সাথে সাথে আমরা আমাদের পরিচয় ভুলতে বসেছি। এরকম একটা প্রোগ্রামের আয়োজন করায় শিক্ষার্থীদের অনেক অভিনন্দন। বিশেষ করে মেডিকেল দাওয়াহ সোসাইটির সদস্যদেরকে অভিনন্দন তাদের শ্রম ও চেষ্টার জন্য।’

সেমিনারে শায়েখ মোখতার আহমেদ ‘রমজানের শিক্ষা: তাকওয়া ও আত্মশুদ্ধি’ বিষয়ে আলোচনা করেন। এতে তিনি কুরআন, হাদীস ও সালফে সালিহিনদের জীবনী থেকে রোজার গুরুত্ব তুলে ধরেন। একই সাথে ভালো চিকিৎসক ও ভালো মুসলিম হবার ব্যাপারে শিক্ষার্থীদেরকে অনুপ্রাণিত করেন। এছাড়া রোজার প্রকৃত অর্থ ও শিক্ষা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেন তিনি।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য ও দোয়া পরিচালনা করেন মুফতি আবুল কালাম আজাদ। ইফতার বিতরণ ও গ্রহণের মাধ্যমে সেমিনার ও ইফতার মাহফিল সমাপ্ত হয়।

এসআই/এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : শেবাচিম
  এই বিভাগের সর্বাধিক পঠিত