০৯ মার্চ, ২০২৫ ০৭:৫৮ পিএম
চিকিৎসকদের ৫ দফায় সমর্থন

‘এমবিবিএস-বিডিএস ডিগ্রিধারী ছাড়া ডাক্তার পদবির ব্যবহার নয়’

‘এমবিবিএস-বিডিএস ডিগ্রিধারী ছাড়া ডাক্তার পদবির ব্যবহার নয়’
ছবি: আবু সাঈদ

মেডিভয়েস রিপোর্ট: এমবিবিএস-বিডিএস ডিগ্রিধারী ছাড়া কেউ নামের পূর্বে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না বলে জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)। আদালতে চলমান এই সংক্রান্ত সকল রিটকে আইন ও জনস্বাস্থ্যবিরোধী উল্লেখ করে আগামী ১২ মার্চের মধ্যে নিষ্পত্তি এবং ‘ডিপ্লোমা চিকিৎসক’ নামে বিভ্রান্তিকর কোনো পদবির প্রচলন না করারও দাবি জানায় তারা। একই সঙ্গে চিকিৎসকদের পাঁচ দফা দাবির প্রতি সমর্থন ও তা বাস্তবায়ন কর্মসূচিতে পাশে থাকার ঘোষণা দেয় এনডিএফ।

আজ রোববার (৯ মার্চ) রাজধানীর বাংলা মোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে এনডিএফের কেন্দ্রীয় কার্যালয়ে ‘স্বাস্থ্যখাতে চলমান পরিস্থিতিতে করণীয় নির্ধারণ বিষয়ক’ মতবিনিময় সভায় এসব কথা জানায় জামায়াত সমর্থিত চিকিৎসকদের সংগঠনটি। সভায় চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে চিকিৎসক মহলের পক্ষ থেকে পাঁচ দফা দাবি তুলে ধরেন ইউনাইটেড মেডিকেল অর্গানাইজেশন অব বাংলাদেশের (ইউমব) চিফ কো-অর্ডিনেটর ডা. মোবারক হোসাইন। তাদের উত্থাপিত দাবিগুলো হলো—

১. এমবিবিএস/বিডিএস ডিগ্রীপ্রাপ্তগণ ব্যতিত অন্য কেউ নামের পূর্বে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করতে পারবে না এবং আদালতে চলমান এই সংক্রান্ত আইন ও জনস্বাস্থ্য বিরোধী সকল রিট আগামী ১২ মার্চের মধ্যে নিষ্পত্তি করতে হবে এবং বাংলাদেশে ‘ডিপ্লোমা চিকিৎসক’ নামে বিভ্রান্তিকর কোনো পদবির প্রচলন করা যাবে না, যার অস্তিত্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা বিশ্বের কোথাও নেই‌। 

২. ‘রেজিস্টার্ড চিকিৎসক(এমবিবিএস/বিডিএস) ছাড়া অন্য কেউ স্বাধীনভাবে প্রাইভেট প্র্যাকটিস করতে পারবে না’—এই মর্মে প্রজ্ঞাপন জারি করতে হবে।

৩. আগামী ৭ কর্মদিবসের মধ্যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্স কারিকুলাম সংস্কার কমিটি গঠন করে তাদের কোর্স কারিকুলাম পুনঃনির্ধারণ এবং মানহীন সকল ম্যাটস (মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল) বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করতে হবে।

৪. জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের জন্য শূন্যপদে পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক নিয়োগ এবং চিকিৎসকদের বিসিএসের বয়সসীমা ৩৪ বছরে উন্নীত করতে হবে।

৫. অনতিবিলম্বে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন এবং বেসরকারি চিকিৎসকদের জন্য সুনির্দিষ্ট বেতন কাঠামো (পে-স্কেল) প্রণয়ন করতে হবে।

চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের ৫ দফা দাবি যৌক্তিক বলে জানান এনডিএফের জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসেন। একই সাথে এই ৫ দফা দাবি বাস্তবায়নে যৌথ কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা এবং দাবি আদায়ের সার্বিক যৌক্তিক কর্মসূচিতে সহযোগিতার আশ্বাস দেন।

অধ্যাপক মাহমুদ হোসেন বলেন, ‘আগস্টে পরিবর্তনের পর পরই আমাদের কাছে দেশের মেডিকেল কলেজগুলোর অ্যাক্রেডিটেশনে সমস্যা সংক্রান্ত তথ্য আসলো। বিগত সরকারের সময় বোর্ডে যারা কাজ করতেন, তারা খুব সুচিন্তিতভাবে কোনো ফলাফল বের করে আনতে পারছিলেন না। যাদেরকে দিয়ে কাজ চলছিল, তাদের একজন আমাদেরকে বললেন যে, আপনি উপদেষ্টার কাছে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) পক্ষ থেকে আবেদন করেন। অ্যাক্রেডিটেশন বোর্ডটা পুনর্গঠন করা উচিত এবং এটাকে কার্যকর করা উচিত। বোর্ড পুনর্গঠনের জন্য আমরা আগস্টের শুরুতে একটি চিঠি দিই। শেষ পর্যন্ত আমরা সফল হয়েছি। বোর্ড তৈরি হয়েছে এবং তারা একটি ওয়ার্কশপ করেছে।’

‘এ কথা জানানোর কারণ হলো, দেশের মেডিকেল খাত নিয়ে এনডিএফ সজাগ ও আন্তরিক। আমরা উপদেষ্টা মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করে চলমান সমস্যাগুলো আলোচনা করি ও সম্ভাব্য সমাধানের পরামর্শ দিই। এর মধ্যে চিকিৎসকদের নিরাপত্তাসহ বেশ কিছু প্রস্তাবনা ছিল’—যোগ করেন এনডিএফের জেনারেল সেক্রেটারি।

এনডিএফের সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন অফিস সেক্রেটারি ডা. এ কে এম জিয়াউল হক।

উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ইবনে সিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাজেদ আব্দুল খালেক, ঢাকা বিভাগ উত্তরের ভাইস প্রেসিডেন্ট ও বিএসএমএমইউ শাখার সভাপতি ডা. আতিয়ার রহমান, ফিন্যান্স সেক্রেটারি ডা. নাজমুল আরেফিন।

বক্তব্য রাখেন ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিসের প্রেসিডেন্ট ডা. জাবির হোসেন, ঢাকা মেডিকেল কলেজ ইন্টার্ন চিকিৎসক পরিষদের সেক্রেটারি ডা. রিফাত মাহবুব, বাংলাদেশ মেডিকেল কমিউনিটির প্রতিনিধি ডা. আসাদুজ্জামান এবং ডা. সম্রাট আকবর, রংপুর মেডিকেল কলেজ ইন্টার ডক্টর অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ডা. মাহফুজুর রহমান, বাংলাদেশ ফরেন ডক্টরস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ডা. শাহরিমা রিতু এবং সেক্রেটারি হেমায়েত উল্লাহ, মুগদা মেডিকেল কলেজের ডা. আদনান হামজা, বিএসএমএমইউর অর্থোপেডিক বিভাগের রেসিডেন্ট ডা. মুস্তাফিজুর রহমান এবং সার্জারি বিভাগের রেসিডেন্ট ডা. রুহুল আমিন।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক