গণহত্যায় আহতদের চিকিৎসায় অবহেলা হয়নি: স্বাস্থ্য উপদেষ্টা
মেডিভয়েস রিপোর্ট: জুলাই গণহত্যায় আহতদের চিকিৎসায় কোনো ধরনের অবহেলা করা হয়নি জানিয়ে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম বলেছেন, এ ক্ষেত্রে বরং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ সরকার একটি চ্যালেঞ্জের মধ্যে দায়িত্ব নিয়েছে। ভঙ্গুর অর্থনৈতিক অবস্থার মধ্যে কাজ শুরু করতে হয়েছে।
রোববার (২ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন তিনি।
স্বাস্থ্য উপদেষ্টা জানান, 'আহতদের মধ্যে ১৫ জনের বিদেশে চিকিৎসায় এ পর্যন্ত ১৬ কোটি টাকা খরচ হয়েছে। বিদেশে চিকিৎসা নিচ্ছেন ৩০ জন। চিকিৎসা খরচে এখন পর্যন্ত পাঠানো হয়েছে ২০ কোটি টাকা। তাদের মধ্যে একজনের চিকিৎসায় ছয় কোটি ৩৭ লাখ টাকা এবং আরেকজনের জন্য তিন কোটি ৩৪ লাখ টাকা খরচ হয়েছে। তবে চিকিৎসা বাবদ মোট কত খরচ হতে পারে, তার নির্দিষ্ট হিসাব এখনো করা হয়নি।'
অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, 'গণঅভ্যুত্থানে আহতরা যে কারণগুলোর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আন্দোলন করছেন, সেসব দাবিকে গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। সরকার তাদের দাবি-দাওয়াকে অবহেলা করছে না।'
তিনি আরও বলেন, আহতদের চিকিৎসা ও পুনর্বাসন এবং আর্থিক সহায়তা তাদের দাবির ভিত্তিতে ক্যাটাগরি অনুযায়ী প্রদান করা হবে। এ জন্য নতুন করে একটি তালিকা প্রস্তুত করবে স্বাস্থ্য মন্ত্রণালয়।
অধ্যাপক সায়েদুর রহমান বলেন, এখন পর্যন্ত কোনো আহত ব্যক্তি নিজের অর্থ খরচ করে চিকিৎসা নিতে হয়নি। তবে যদি কেউ ব্যক্তিগতভাবে চিকিৎসার ব্যয় বহন করে থাকেন, সরকারের কাছে জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এচএইচবি/এমইউ
-
১১ এপ্রিল, ২০২৩