০৩ ফেব্রুয়ারী, ২০২৫ ০১:৩৯ পিএম

গাজার রাফা সীমান্ত দিয়ে ৩৭ আহতকে মিশরে স্থানান্তর: ডব্লিউএইচও

গাজার রাফা সীমান্ত দিয়ে ৩৭ আহতকে মিশরে স্থানান্তর: ডব্লিউএইচও
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ইসরায়েলি বর্বরতায় বিধ্বস্ত গাজার স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে। যুদ্ধবিরতি কার্যকর হলেও আহতরা পাচ্ছেন না পর্যাপ্ত চিকিৎসা। এমন পরিস্থিতির মধ্যে ৩৪ শিশু ও ৩ প্রাপ্তবয়স্ককে উন্নত চিকিৎসার জন্য মিশরে স্থানান্তর করা হয়েছে।  

শনিবার (১ ফেব্রুয়ারি) ২০২৪ সালের মে মাসের পর প্রথমবারের মতো রাফা সীমান্ত দিয়ে স্থানান্তর কার্যক্রম পুনরায় শুরু হলো।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়াসুস এক্সে (টুইটার পোস্ট) জানান, গুরুতর অসুস্থ এসব রোগীর চিকিৎসার জন্য মিশরে নেওয়া হয়েছে।

গাজা থেকে আসা রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য মিসর সরকারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

দ্রুত আরও রোগীদের চিকিৎসার জন্য সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে ডব্লিউএইচও মহাপরিচালক বলেন, রোগীদের জীবন বাঁচাতে সব সম্ভাব্য পথ ব্যবহার করে চিকিৎসা স্থানান্তর প্রক্রিয়া ত্বরান্বিত করতে হবে। হাজারো মানুষের জীবন এখন এর ওপর নির্ভর করছে।  

প্রসঙ্গত, গাজার স্বাস্থ্য ব্যবস্থার ভয়াবহ সংকটের কারণে গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসা প্রায় অসম্ভব হয়ে উঠেছে। ইসরাইলের বর্বরতার কারণে বহু হাসপাতাল আংশিক বা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, যার ফলে গুরুতর অসুস্থ রোগীদের জন্য চিকিৎসা পাওয়া প্রায় অসম্ভব হয়ে উঠেছে। বিদ্যুৎ, অক্সিজেন, পরিষ্কার পানি এবং জীবনরক্ষাকারী ওষুধের অভাবে চিকিৎসা কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে।

চিকিৎসার সীমিত সরঞ্জাম দিয়ে চিকিৎসকরা রোগীদের সেবা দেওয়ার চেষ্টা করলেও পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, যথাযথ চিকিৎসার অভাবে প্রতিদিন গাজায় বহু মানুষ মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে। সীমান্ত খুলে দিয়ে মানবিক সহায়তা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছে সংস্থাটি।

এসএইচবি/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ,বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও