ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪০
মেডিভয়েস রিপোর্ট: এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ জন। এ সময়ে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে আটজনে। আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা হয়েছে ৮৩১।
শনিবার (১৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সাতজন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ছয়জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশন বাহিরে) সাতজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে দুইজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিনজন এবং ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন রয়েছেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আক্রান্তের ৪০ জনের মধ্যে বিভিন্ন বয়সের ২৭ জন পুরুষ এবং ১৩ জন নারী রয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৮৩১ জন। এর মধ্যে আটজন মারা গেছেন।
প্রসঙ্গত, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন। এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। সে বছর মোট আক্রান্ত হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।
এসআই/এসএইচ
-
১৮ জুন, ২০২৬
-
১২ মে, ২০২৬