তামাক থেকে আয়ের চেয়ে চিকিৎসায় ব্যয় বেশি: ফরিদা আখতার
মেডিভয়েস রিপোর্ট: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, সরকার তামাকজাত পণ্যের কোম্পানি থেকে যে পরিমাণ আয় বা রাজস্ব পায়, তার চেয়ে চিকিৎসাখাতে ব্যয় হয় বেশি। বুধবার (১৫ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক কর নীতি বাস্তবায়নের প্রতিবন্ধকতা ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যুরো অব ইকোনমিক রিসার্চ ও বাংলাদেশ নেটওয়ার্ক ফর টোব্যাকো ট্যাক্স পলিসির (বিএনটিটিপি) যৌথ উদ্যোগে এই সেমিনার আয়োজিত হয়।
ফরিদা আখতার বলেন, তামাক উৎপাদনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। কারণ নদীর পাড়ে, বিশেষকরে হালদা ও তিস্তার পাড়ে তামাক চাষ হয়ে থাকে। আর তামাক চাষে কীটনাশক ও সার ব্যবহারে সংশ্লিষ্ট এলাকাতে মাছ নষ্ট হচ্ছে, আবার মারাও যাচ্ছে।
তিনি বলেন, তামাক কোম্পানিগুলো জুজুর ভয় দেখিয়ে বলে থাকে ১৫ লাখ তামাক বিক্রেতা এ পেশায় জড়িত। কিন্তু এদের বেশির ভাগই শিশুশ্রম। প্রকৃতপক্ষে তামাক বিক্রির সঙ্গে এত সংখ্যক লোক আছে কি না তাও দেখা দরকার।
সেমিনারে আলোচকরা দেশে তামাক কর কাঠামো বিশ্লেষণ, তামাক কোম্পানির কৌশল উদঘাটন এবং করারোপের সুযোগ ও চ্যালেঞ্জের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, তামাকজাতদ্রব্য থেকে যে রাজস্ব আদায় করা হয়, তার চেয়ে বেশি টাকা তামাকজাতদ্রব্য গ্রহণের ফলে স্বাস্থ্যখাতে চিকিৎসাজনিত কারণে ব্যয় হয়ে থাকে। তাই এ বিষয়ে আরও সচেতনতা বাড়ানোর আহ্বান জানান তারা।
বিএনটিটিপির টেকনিক্যাল কমিটির সদস্য মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান।
সেমিনারে রেলপথ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মীর আলমগীর হোসেন, শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অপূর্ব কুমার মণ্ডল, বিএনটিটিপির টেকনিক্যাল কমিটির সদস্য অ্যাডভোকেট সৈয়দ মাহবুবুল আলম, বাংলাদেশ ক্যান্সার সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডা. গোলাম মহিউদ্দিন ফারুক, জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব মো. বদরুজ্জামান মুন্সী, টোব্যাকো ফ্রি কিডসের লিড পলিসি অ্যাডভাইজার মো. মুস্তাফিজুর রহমান ও জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের মহাপরিচালক মো. আখতারউজ-জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
এতে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বিএনটিটিপির টেকনিক্যাল কমিটির সদস্য সাংবাদিক ও গবেষক সুশান্ত সিনহা এবং স্বাগত বক্তব্য দেন সংস্থাটির সচিবালয় ব্যবস্থাপক হামিদুল ইসলাম হিল্লোল।
এসআই/এনএআর/
-
৩১ মে, ২০২৫
বিশ্ব তামাকমুক্ত দিবস আজ
তরুণদের রক্ষায় তামাক কোম্পানির প্রতারণামূলক কৌশল উন্মোচনের ডাক
-
২৩ এপ্রিল, ২০২৫
-
২৬ মার্চ, ২০২৫
-
১৮ মার্চ, ২০২৫