তামাকের ব্যবহার কমাতে জাতীয় বাজেটে মূল্যবৃদ্ধির দাবি
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশে তরুণ জনগোষ্ঠীর মধ্যে তামাক সেবনের হার উদ্বেগজনক। তাই তরুণদের তামাকের ব্যবহার নিরুৎসাহিত করতে আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেটে তামাকপণ্যের কার্যকর মূল্যবৃদ্ধির দাবি জানিয়েছেন তরুণ চিকিৎসকরা।
শনিবার (৯ মে) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের (এনএইচএফবি) উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সিগারেটের নিম্ন ও মধ্যম স্তর একীভূত করে প্রতি দশ শলাকার প্যাকেটের খুচরা মূল্য ন্যূনতম ১০০ টাকা নির্ধারণের দাবি জানান তাঁরা।
একইসাথে উচ্চ স্তরের সিগারেটের মূল্য ১৫০ টাকা এবং প্রিমিয়াম স্তরের সিগারেটের মূল্য ২০০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া প্রতিটি স্তরের প্যাকেটে চার টাকা সুনির্দিষ্ট কর আরোপেরও দাবি জানান তাঁরা।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের (এনএইচএফবি) মানববন্ধনে প্ল্যাটফর্ম অব মেডিকেল অ্যান্ড ডেন্টাল সোসাইটি, সন্ধানীসহ মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসকদের বেশ কিছু সংগঠন থেকে দেশের বিভিন্ন মেডিকেল কলেজের তরুণ চিকিৎসক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এমআই/