ঘোষণাপত্র আসবে শিক্ষার্থীসহ সকলের ঐকমত্যের ভিত্তিতে
মেডিভয়েস রিপোর্ট: ২৪এর গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি নিয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ উপদেষ্টা মাহফুজ আলম বলেন ঘোষণাপত্র তৈরি করতে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনদের সঙ্গে আগামী সপ্তাহে আলোচনা করা হবে। ঘোষণাপত্র তৈরি করা হবে শিক্ষার্থীসহ সকলের ঐকমত্যের ভিত্তিতে। সরকার আশা করছে, আগামী সপ্তাহেই তা শেষ হবে।
আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক সংবাদ বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম এ কথা জানান।
ঘোষণাপত্র নিয়ে যাদের সাথে আলোচনা হবে
মাহফুজ আলম বলেন, ‘আমরা যেটা বলতে যাচ্ছি, ঐকমত্যের ভিত্তিতে হবে। কেউ বাদ যাবে না। সবার কথাই শোনা হবে। প্রেক্ষাপটে ঐকমত্য আছে। ঐকমত্য আছে বলেই শেখ হাসিনার পতন ঘটেছে। পরবর্তী সময়ে আমরা কী করব.. এটা আলোচনায় যাবে। যেমন সংবিধান সংস্কার নাকি বাতিল করার প্রশ্নটি। এটি আমরা আলোচনা করে ঠিক করব। যারা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, তাদের সঙ্গে তো বসবই, সামাজিক, নারী, শ্রমিকসহ সংশ্লিষ্ট সংগঠন বা যারা গণ-অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রেখেছে, সবার সঙ্গে আনুষ্ঠানিক–অনানুষ্ঠানিকভাবে কথা বলব, বসব। আশা করি, এটি আগামী সপ্তাহে শুরু ও শেষ হবে। পরামর্শের জন্য আগামী সপ্তাহটি ধরা হয়েছে।’
উপদেষ্টা মাহফুজ আলম বলেন, শুধু নিবন্ধিত রাজনৈতিক দল নয়, নিবন্ধিত রাজনৈতিক দলের বাইরেও সামাজিক সংগঠন, শিক্ষক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন আছে, তাদের সঙ্গে কথা বলা হবে। তবে সবার সঙ্গে বসে কথা বলা যাবে না। আনুষ্ঠানিক-অনানুষ্ঠানিকভাবে কথা বলা হবে।
ঘোষণাপত্রের প্রস্তাবনা ইতিমধ্যে ছাত্ররা দিয়েছেন জানিয়ে মাহফুজ আলম বলেন, ঘোষণাপত্র কিন্তু সরকার দেবে না। সরকার ঘোষণাপত্রের প্রক্রিয়াকে সহায়তা করছে। ঘোষণাপত্র আসবে সবার ঐকমত্যের ভিত্তিতে। সব রাজনৈতিক পক্ষ, দল, সাংস্কৃতিক-সামাজিক সংগঠনগুলোর ঐকমত্যের ভিত্তিতে।
মাহফুজ বলেন, একটি ঘোষণাপত্রে মূলত দুটি অংশ থাকে। প্রথম অংশে কী কারণে ঘোষণাপত্র সেটি উল্লেখ থাকে। এক্ষেত্রে শেখ হাসিনার ফ্যাসিজম ও এই ফ্যাসিজমের ধারাবাহিকতার ঐতিহাসিক প্রেক্ষাপট ঘোষণাপত্রে বর্ণনা করা হবে। এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত রয়েছে।
তিনি বলেন, ঘোষণাপত্রের দ্বিতীয় অংশে রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে তার উল্লেখ থাকবে। এক্ষেত্রে কিছু কিছু বিষয়ে বিতর্ক থাকতে পারে। যেসব বিষয়ে সবার মধ্যে এরই মধ্যে ঐক্যমত্য আছে সেগুলো নিয়ে আলোচনা শুরু হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ–প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।
টিআই