আইচি মেডিকেল: শিক্ষার্থী ভর্তির স্থগিতাদেশ আবারও বহাল
মেডিভয়েস রিপোর্ট: পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকা ও শিক্ষার পরিবেশ বিদ্যমান না থাকায় রাজধানীর বেসরকারি আইচি মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তিতে স্থগিতাদেশ বহাল রেখেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ৮ ডিসেম্বর স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (১৫ ডিসেম্বর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-২ শাখার উপসচিব মাহবুবা বিলকিস এ সংক্রান্ত একটি চিঠিতে বিষয়টি জানিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, ‘বর্ণিত প্রতিষ্ঠানে আইন অনুযায়ী পর্যাপ্ত সুযোগ-সুবিধা ও শিক্ষার পরিবেশ বিদ্যমান না থাকায় শিক্ষার্থী ভর্তির স্থগিতাদেশ বহাল রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।’
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ৮ ডিসেম্বর স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ, ডেন্টাল ইউনিট, হোমিওপ্যাথিক ও ইউনানী মেডিকেল কলেজ, ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) প্রতিষ্ঠা, আসন সংখ্যা বৃদ্ধি, কোর্স অনুমোদন সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত হয়।
ওই সভায় আইচি মেডিকেল কলেজ, ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও চট্টগ্রামের মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে আইচির স্থগিতাদেশ বহাল রাখা এবং সিরাজুল ইসলাম মেডিকেলে আসন হ্রাস করার সিদ্ধান্ত নেওয়া হয়। আর চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে শিক্ষার্থী ভর্তিতে ২০টি আসন বরাদ্দ অনুমোদন দেওয়া হয় ওই সভায়।
প্রসঙ্গত, ২০১৭-১৮ সেশন থেকে আইচি মেডিকেল কলেজে নতুন শিক্ষার্থী ভর্তিতে স্থগিতাদেশ দেয় মন্ত্রণালয়। এর পর থেকে স্থগিতাদেশ বহাল থাকলেও উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করে ২০১৮-১৯ থেকে ২০২২-২৩ পর্যন্ত চারটি ব্যাচে প্রায় দেড়শ শিক্ষার্থী ভর্তি নেয় কলেজটি। সর্বশেষ চলতি বছরের ৯ অক্টোবর ওই শিক্ষার্থীদের অন্যত্র মাইগ্রশনের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
এনএআর/
-
১৭ ডিসেম্বর, ২০২৪
-
২২ সেপ্টেম্বর, ২০২৪
-
১৯ সেপ্টেম্বর, ২০২৪
-
১৮ ফেব্রুয়ারী, ২০২৩
-
০৮ ফেব্রুয়ারী, ২০২৩