১৮ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:৫৪ পিএম

আইচি মেডিকেলের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ‘বহিরাগতদের’ হামলা

আইচি মেডিকেলের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ‘বহিরাগতদের’ হামলা
আজ দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর এই হামলার ঘটনা ঘটে।

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর ডেমরার আমুলিয়া মেন্দিপুর এলাকায় বেসরকারি আইচি মেডিকেল কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ‘বহিরাগতদের’ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর এই হামলার ঘটনা ঘটে।

জানা যায়, বিভিন্ন অনিয়মের কারণে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমঅ্যান্ডডিসি) ছয়টি বেসরকারি মেডিকেল কলেজকে কালো তালিকাভুক্ত করেছে। তারমধ্যে আইচি মেডিকেল কলেজ একটি। বিষয়টি জানার পর থেকে শিক্ষার্থীরা বিএমডিসির রেজিস্ট্রেশনের দাবি জানিয়ে আসছে। এই দাবিতে টানা সাতদিন ক্লাস-পরীক্ষা বর্জনও করে শিক্ষার্থীরা। তবে তাতে কাজ না হওয়ায় কলেজের ম্যানেজিং ডিরেক্টরের (এমডি) সাথে আলোচনার দাবি তোলেন তারা। কিন্তু নানা শর্ত দিয়ে শিক্ষার্থীদের সাথে বৈঠক করতে অনীহা জানায় আইচি মেডিকেল কলেজের এমডি। এতে ক্ষিপ্ত হয়ে শিক্ষার্থীরা শনিবার সকালে মেডিকেল কলেজের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়। ঘটনা সামাল দিতে বহিরাগতদের দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা গণমাধমকে জানান, বিএমডিসি আইচি মেডিকেল কলেজকে কালো তালিকাভুক্ত করায় শিক্ষার্থীদের শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়েছে। বিষয়টি সমাধানের জন্য শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে। গত এক সপ্তাহ ধরে ক্লাস বর্জন করে আসছেন তারা। আজ প্রিন্সিপালের রুমে আমরা শিক্ষার্থীরা ও কয়েকজন অভিভাবক ছিলাম। আর কলেজের মূল ফটকে ছিলো কিছু শিক্ষার্থী। এ সময় বহিরাগতরা এসে আমাদের শিক্ষার্থীদের ওপর হামলা করেছে। এতে কয়েকজন আহত হয়েছেন।

এ বিষয় ডেমরা থানার ওসি শফিকুর রহমান মেডিভয়েসকে বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। এ ঘটনায় মামলা হয়নি। তবে আগামী বুধবার ছাত্র ও কলেজ কর্তৃপক্ষ বসে বিষয়টা পূর্ণাঙ্গ সমাধান করবে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত