০৮ ফেব্রুয়ারী, ২০২৩ ০৩:১১ পিএম

বিতর্কিত ৬ মেডিকেল কলেজ সম্পর্কে বিএমডিসির বিজ্ঞপ্তি প্রকাশ

বিতর্কিত ৬ মেডিকেল কলেজ সম্পর্কে বিএমডিসির বিজ্ঞপ্তি প্রকাশ
বিজ্ঞপ্তিতে প্রকাশিত তালিকায় নাম রয়েছে কেয়ার মেডিকেল কলেজ, নর্দান প্রাইভেট মেডিকেল কলেজ, নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, আইচি মেডিকেল কলেজ, নাইটিংগেল মেডিকেল কলেজ ও শাহ মখদুম মেডিকেল কলেজের।

মেডিভয়েস রিপোর্ট: সকল অনুমোদন বাতিল হওয়া রাজধানীর মোহাম্মদপুরের বেসরকারি কেয়ার মেডিকেল কলেজসহ ৬টি বেসরকারি মেডিকেল কলেজ সম্পর্কে বিস্তারিত পর্যবেক্ষণ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।

বিজ্ঞপ্তিতে প্রকাশিত তালিকায় নাম রয়েছে কেয়ার মেডিকেল কলেজ, নর্দান প্রাইভেট মেডিকেল কলেজ, নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, আইচি মেডিকেল কলেজ, নাইটিংগেল মেডিকেল কলেজ ও শাহ মখদুম মেডিকেল কলেজের।

বুধবার (৮ ফেব্রুয়ারি) বিএমডিসির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসাইন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৭-১৮ সেশন থেকে কেয়ার মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম বন্ধ রেখেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ মেডিকেল কলেজটি বিএমডিসির তালিকাভুক্ত নয়। কেয়ার মেডিকেল কলেজের সকল শিকাক্ষার্থী অন্যান্য স্বীকৃত বেসরকারি মেডিকেল কলেজে স্থানান্তরিত হয়েছে।

নর্দান প্রাইভেট মেডিকেল কলেজ সম্পর্কে বলা হয়েছে, এ মেডিকেল কলেজের স্বীকৃতি স্থগিত রয়েছে। ২০১৬-১৭ সাল থেকে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম বন্ধ রেখেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মেডিকেল কলেজটির সকল শিক্ষার্থী অন্যান্য স্বীকৃত বেসরকারি মেডিকেল কলেজে স্থানান্তরিত হয়েছে।

নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজেরও স্বীকৃতি স্থগিত আছে। ২০১৭-১৮ সাল থেকে ভর্তি কার্যক্রম বন্ধ রেখেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে বর্তমানে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম হাইকোর্টে বিচারাধীন।

আইচি মেডিকেল কলেজ বিএমডিসির তালিকাভুক্ত নয়। ২০১৭-১৮ সাল থেকে ভর্তি কার্যক্রম বন্ধ রেখেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে বর্তমানে শিক্ষার্থী ভর্তির বিষয়ে হাইকোর্টে বিচারাধীন।

তালিকায় থাকা নাইটিংগেল মেডিকেল কলেজ সম্পর্কে বলা হয়েছে, এ মেডিকেল কলেজের  স্বীকৃতি স্থগিত আছে।  ২০১৬-১৭ সাল থেকে ভর্তি কার্যক্রম বন্ধ রেখেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সকল শিক্ষার্থী অন্যান্য স্বীকৃত বেসরকারি মেডিকেল কলেজে স্থানান্তরিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শাহ মখদুম মেডিকেল কলেজটি তালিকাভুক্ত নয়। ২০২০-২১ সেশন থেকে এ মেডিকেলে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম বন্ধ রেখেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সকল শিক্ষার্থী অন্যান্য স্বীকৃত বেসরকারি মেডিকেল কলেজে স্থানান্তরিত হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএমডিসি
  এই বিভাগের সর্বাধিক পঠিত