১১ ডিসেম্বর, ২০২৪ ০১:২১ পিএম

নাগরিক কমিটির যুগ্ম-আহ্বায়ক ডা. তাসনিম জারা

নাগরিক কমিটির যুগ্ম-আহ্বায়ক ডা. তাসনিম জারা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে গঠিত জাতীয় নাগরিক কমিটির যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডা. তাসনিম জারা।

সোমবার (৯ ডিসেম্বর) নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী ও সদস্য সচিব আক্তার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের কার্যক্রমকে সম্প্রাসারিত করার লক্ষ্যে এবং জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে সমুন্নত রাখতে জাতীয় নাগরিক কমিটি সাংগঠনিক পুনর্গঠন করা হয়েছে।’ 

পুনর্গঠিত কমিটিতে ডা. তাসনিম জারা ছাড়াও সাতজনকে যুগ্ম আহ্বায়ক পদে মনোনীত করা হয়েছে। তাঁরা হলেন

১. আরিফুল ইসলাম আদীব,
২. আলী আহসান জুনায়েদ,
৩. মনিরা শারমিন,
৪. সারোয়ার তুষার,
৫. মানজুর-আল-মতিন,
৬. ড. আতিক মুজাহিদ,
৭. আশরাফ উদ্দিন মাহদি। এ ছাড়া আব্দুল্লাহ আল-আমিন ও এস এম সাইফ মোস্তাফিজকে নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন দায়িত্ব পাওয়ার পর নিজের অনুভূতি জানিয়ে ডা. তাসনিম জারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমি জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি। এই প্রথম আমি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হচ্ছি, তাই সিদ্ধান্তটি সহজ ছিল না। তবে এই কমিটিতে আমি অনেক বুদ্ধিদীপ্ত, চিন্তাশীল ও সৎ মানুষকে পেয়েছি, যারা অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে অসামান্য ত্যাগ স্বীকার করেছেন এবং ভবিষ্যতেও সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত। তাদের সহকর্মী হতে পারা এবং দেশের জন্য একসঙ্গে কাজ করার সুযোগ পাওয়া সৌভাগ্যের বিষয়।’

দেশ সংস্কারের বিষয়ে তিনি বলেন, ‘আমি জানি না আমরা কতটা সফল হতে পারব। কারণ ন্যায়বিচার প্রতিষ্ঠা, সকল নাগরিকের মর্যাদা নিশ্চিত করা, এবং পারস্পরিক শ্রদ্ধাশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা দীর্ঘমেয়াদী প্রচেষ্টা, শ্রম, ও ত্যাগের ব্যাপার। তবে এই পরিবর্তন আনার জন্য আমরা সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবো।’

ডা. তাসনিম জারা আরও লিখেছেন, ‘আমার জন্য কোনো পরামর্শ থাকলে দয়া করে জানাবেন। ভুল করলে তা ধরিয়ে দেবেন, আর ভালো কিছু করলে উৎসাহ ও সমর্থন দিয়ে পাশে থাকবেন।’

প্রসঙ্গত, ডা. তাসনিম জারা ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) সাবেক শিক্ষার্থী। তিনি স্বাস্থ্যবিষয়ক আলোচিত কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে অন্যতম। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে সক্রিয় থেকে স্বাস্থ্য বিষয়ক নানা সচেতনতামূলক কনটেন্ট তৈরি করে থাকেন। জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করার মাধ্যমে রাজনীতিতে পা রেখেছেন ডা. তাসনিম জারা।

টিআই/এসএইচ/এমইউ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : জাতীয় নাগরিক কমিটি
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক