০৬ ডিসেম্বর, ২০২৪ ১২:০৫ পিএম

ঢামেকে মিনিম্যালি ইনভেসিভ নিউরোস্পাইন সার্জারি বিষয়ক কর্মশালা শুরু

ঢামেকে মিনিম্যালি ইনভেসিভ নিউরোস্পাইন সার্জারি বিষয়ক কর্মশালা শুরু
ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘মিনিম্যালি ইনভেসিভ নিউরোস্পাইন সার্জারি অ্যান্ড ক্যাডাভেরিক ওয়ার্কশপ’। শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে মেডিকেলের লেকচার গ্যালারিতে শুরু হওয়া এই কর্মশালা শেষ হবে শনিবার।

নিউরোস্পাইন সোসাইটি অব বাংলাদেশ আয়োজিত এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢামেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম। এদিন কর্মশালার অ্যাকাডেমিক সেশনে ‘ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি’ হিসেবে ছিলেন মালয়েশিয়ার কুয়ালালামপুর হাসপাতালের কনসালটেন্ট ডা. দিনেশ কুমারান, সিঙ্গাপুরের ট্যান টক সেং হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মার্ক ট্যান ও কনসালটেন্ট ডা. ওয়াইনে ইয়াপ। এতে দেড় শতাধিক চিকিৎসক অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ‘মিনিম্যালি ইনভেসিভ সার্জারিকে সময়ের দাবি’ বলে উল্লেখ করে অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম। তিনি বলেন, ‘প্রয়োজনীয় প্রশিক্ষণ ছাড়া একজন চিকিৎসক সার্জন হয়ে উঠতে পারেন না। নিরাপদ সার্জারির জন্য বেশি বেশি প্রশিক্ষণ প্রয়োজন। এ ধরণের প্রশিক্ষণে আমাদের অ্যানাটমি এবং ফরেনসিক মেডিসিন বিভাগ সহযোগিতা অব্যাহত রাখবে।’

এ সময় চিকিৎসা ক্ষেত্রে দেহ ব্যবহৃত হওয়া মৃত ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অধ্যক্ষ। একইসাথে তাদের আত্মার শান্তি কামনা করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে ঢামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. আসাদুজ্জামান বলেন, ‘ঢাকা মেডিকেল হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে প্রতিদিন সারাদেশ থেকে প্রচুর রোগী আসে। এদের বড় একটি অংশের স্পাইন সার্জারি করতে হয়। আমাদের সেসব চিকিৎসকদের দক্ষতা উন্নয়নে এই কর্মশালা সহযোগিতা করবে।’

নিউরোসার্জারি চিকিৎসা প্রধাণত ঢাকাকেন্দ্রিক উল্লেখ করে হাসপাতাল পরিচালক বলেন, ‘এটি বিকেন্দ্রীকরণ প্রয়োজন। নিউরোসার্জারিদের প্রতি অনুরোধ, সারাদেশে এই সুবিধা ছড়িয়ে দিতে আপনারা সহযোগিতা করুন।’

আয়োজক কমিটির চেয়ারম্যান ও ঢাকা মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান বলেন, ‘বাংলাদেশে নিউরোস্পাইন চিকিৎসার বেশ কিছু সংকট রয়েছে। প্রয়োজনীয় যন্ত্রপাতি, চিকিৎসকদের দক্ষতা উন্নয়ন ও অবকাঠামোর অভাব রয়েছে আমাদের। তবে আমরা এটিকে সূচনা হিসেবে বিবেচনা করতে চাই।’

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপাধ্যক্ষ অধ্যাপক ডা. ফারুক আহাম্মদ, ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. কাজী গোলাম মোখলেছুর রহমান ও অ্যানাটমি বিভাগের বিভাগীয় প্রধান ডা. এ এইচ এম মোস্তফা কামাল প্রমুখ।

অনুষ্ঠানে নিউরোস্পাইন সোসাইটি অব বাংলাদেশের সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ উপস্থিত ছিলেন।

এনএআর/এসআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ঢাকা মেডিকেল কলেজ
  এই বিভাগের সর্বাধিক পঠিত