ভারতের আগ্রাসনের প্রতিবাদে বিএসএমএমইউতে বিক্ষোভ
মেডিভয়েস রিপোর্ট: ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) বৈষম্যবিরোধী ঐক্য পরিষদ। বাংলাদেশে আগ্রাসন ও আধিপত্যবাদ বন্ধের দাবি জানিয়ে দেশটির সকল পণ্য বর্জনের আহ্বান জানানো হয় মানববন্ধন থেকে।
বুধবার (৪ ডিসেম্বর) সকাল ১১টায় বিএসএমএমইউ ক্যাম্পাসের বটতলায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক-চিকিৎসক, কর্মকর্তা-নার্স ও কর্মচারীরা অংশ নেন।
সমাবেশে বৈষম্যবিরোধী শিক্ষক-চিকিৎসক, কর্মকর্তা-নার্স ও কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার-১ ডা. মো. দেলোয়ার হোসেন টিটো বলেন, ‘ভারত বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করেছে। এমনকি রোগীদের চিকিৎসা ভিসাও বন্ধ করেছে দেশটি। জুলাই-আগস্টে গণহত্যা চালিয়ে স্বৈরাচার আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা পালিয়ে সে দেশে আশ্রয় নিয়েছেন। এসব কীসের লক্ষণ?’
তিনি বলেন, ‘ভারতের আচরণ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। অবিলম্বে এ ধরণের আগ্রাসন বন্ধ করতে হবে।’
সমাবেশে পরিষদের সাধারণ সম্পাদক ডা. রুহুল কুদ্দুস বিপ্লব বলেন, ‘বিগত সরকারের নতজানু পররাষ্ট্রনীতির ফলস্বরূপ ভারত বাংলাদেশের দূতাবাসের উপর হামলার দুঃসাহস দেখাতে পারে। বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও ইসকনকে নিষিদ্ধ করা হোক।’
সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, ভারত আমাদের প্রতিবেশী দেশ এবং তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখা জরুরি। কিন্তু কোনোভাবেই সেটি রাজা-প্রজার সম্পর্ক হতে পারে না। বাংলাদেশের হাইকমিশনে হামলার জন্য ভারতকে ক্ষমা চাইতে হবে।
তারা বলেন, বাংলাদেশ গত ১৬ বছরের দিল্লির গোলামি ছেড়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, যা দিল্লির জন্য অস্বস্তিকর হয়ে উঠেছে। ভারতের উচিত বর্তমান পরিস্থিতি উপলব্ধি করা এবং বাংলাদেশে আধিপত্য বিস্তারের প্রচেষ্টা বন্ধ করা।
সমাবেশে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন বিএসএমএমইউর ডা. জাফর ইকবাল, উপ-রেজিস্ট্রার ডা. এস এম কবীর আহমেদ রিয়াজ, উপ-রেজিস্ট্রার সাবিনা ইয়াসমিন, মো. ইয়াহিয়া খান প্রমুখ।
সভা থেকে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিও জানানো হয়।
এনএআর/
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫