আন্দোলনে আহত বাবুকে থাইল্যান্ডে নেওয়া হবে শনিবার
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন ছাত্র-জনতার আন্দোলনে গুরুতর আহত মোহাম্মদ বাবুকে আগামীকাল শনিবার (২৩ নভেম্বর) উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়া হবে। সকাল ১১টার দিকে নিয়ে ব্যাংকক যাবে এয়ার অ্যাম্বুলেন্সের একটি ফ্লাইট। সেই সঙ্গে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন হাসানকে সোমবার (২৫ নভেম্বর) থাইল্যান্ডে নেওয়া হবে।
জানা গেছে, মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানের ছেলে মোহাম্মদ বাবু (৩৬) কাজ করতেন নয়াপল্টনের ছাপাখানায়। ছাত্র-জনতার আন্দোলনের সময় প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। এর পর তিনি জড়িয়ে পড়েন বৈষম্যবিরোধী আন্দোলনে। শনির আখড়ায় বাসা হওয়ায় এ এলাকায় প্রতিদিন আন্দোলন করতেন বাবু।
এরই ধারাবাহিকতায় গত ২০ জুলাই সকালের দিকে আন্দোলনে যোগ দেন তিনি। গলি থেকে মিছিল নিয়ে মেইন রাস্তায় চলে যান। এ সময় হেলিকপ্টার দিয়ে টহল দিচ্ছিল বিজিবি। হঠাৎ হেলিকপ্টার থেকে গুলি শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই বাবু ৫-৬ হাত দূরে ছিটকে পড়েন। পুলিশ তাকে ঘিরে ধরে রাখে। রক্ত দিয়ে ভিজে যায় রাস্তা। পরিচিত একজন তার বোনকে ফোন দিয়ে আসতে বলেন। বোন বাবুর ৪ বন্ধুসহ ভাইকে উদ্ধার করতে আসেন। কিন্তু পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। রাস্তায় পড়ে থাকেন বাবু। ৫-৬ ঘণ্টা পর বোনের জামাই এসে তাকে মুগদা মেডিকেল কলেজে নিয়ে যান।
এখানেও শুরু হয় বিড়ম্বনা। সরকারের বিরুদ্ধে আন্দোলন হওয়ায় চিকিৎসা শুরু করতেও দেরি হয়। এদিকে রক্তশূন্য হয়ে বাবু মৃতপ্রায়। অবশেষে চিকিৎসার সাথে জড়িতদের কাছে মুক্তিযোদ্ধা বাবার অনুনয়-বিনয়ের পর শুরু হয় চিকিৎসা।
এর আগে গত ২০ নভেম্বর বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ গুরুতর আহত মোহাম্মদ মুরাদ ইসলামকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ভেজথানি হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে উন্নত চিকিৎসার জন্য গত ১৭ নভেম্বর থাইল্যান্ডে গুলিবিদ্ধ কাজল মিয়াকে নেওয়া হয়েছে।
এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত মোহাম্মদ কাজল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ভেজথানি হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও আরো একজন যাওয়ার জন্য অপেক্ষমাণ। তিনি নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন। কাল অথবা পরশু আমরা তাকে পাঠাতে পারব বলে আশা করছি। এখন পর্যন্ত আমরা পাঁচ জনকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে পেরেছি। এছাড়া আরও ২০-২৫ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।’
তিনি বলেন, ‘আহতদের মধ্যে সাত জনকে তুরস্কে পাঠানো হবে। এদের মধ্যে তিন জন চোখে আঘাতপ্রাপ্ত এবং চার জন অর্থপেডিকসের রোগী। তুরস্ক সরকারের সঙ্গে আমাদের আলাপ আলোচনা চলছে।’
বিভিন্ন দেশ থেকে ডাক্তাররা এসে আহতদের চিকিৎসায় সেবা দিচ্ছে উল্লেখ করে নূরজাহান বেগম আরও বলেন, ‘ইতোমধ্যে ফ্রান্স, নেপাল, ইউকেসহ বিভিন্ন দেশ থেকে ডাক্তাররা এসে চিকিৎসা দিয়েছেন। বিদেশ থেকে আসা চিকিৎসকরা আহতদের যে চিকিৎসা বাংলাদেশে হয়েছে সেটা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। সম্পত্তি যুক্তরাজ্য থেকে আসা ডাক্তাররা ৯৩ জন আহতকে দেখেছেন এবং ১৮ জন আহতের অপারেশন করেছেন।’
-
১২ জানুয়ারী, ২০২৫
-
২২ নভেম্বর, ২০২৪
-
১৩ নভেম্বর, ২০২৪
-
৩১ অক্টোবর, ২০২৪
-
২৮ অক্টোবর, ২০২৪
-
০৬ অক্টোবর, ২০২৪
-
৩০ সেপ্টেম্বর, ২০২৪