১৮ নভেম্বর, ২০২৪ ০৩:৪৯ পিএম

বকেয়া বেতনের দাবিতে আনোয়ার খান মেডিকেলে বিক্ষোভ

বকেয়া বেতনের দাবিতে আনোয়ার খান মেডিকেলে বিক্ষোভ
পরিচালকের কক্ষের সামনে বিক্ষোভরত চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বকেয়া বেতনের দাবিতে রাজধানীর আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভ করেছেন চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীরা। আজ সোমবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে এই বিক্ষোভ শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে।

স্বাস্থ্যকর্মীদের অভিযোগ, দীর্ঘদিন যাবৎ অনিয়মিত বেতন দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে মেডিকেল অফিসারদের বাকি রয়েছে তিন মাসের বেতন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে ৯টার দিকে অক্টোবর মাসের বকেয়া বেতন আদায়ের জন্য হাসপাতাল পরিচালক ডা. এনায়েত হোসেনের কক্ষে যান নার্সরা। এ সময় পরিচালক তাদের চাকরি থেকে বাদ দেওয়ার হুমকি দিলে তারা বিক্ষোভ প্রদর্শন করেন। পরে নার্সদের সঙ্গে চিকিৎসক ও ইন্টার্ন শিক্ষার্থীরাও এসে অংশ নেন।

নাম প্রকাশে অনিচ্ছুক আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালের এক ইন্টার্ন চিকিৎসক মেডিভয়েসকে বলেন, ‘কর্তৃপক্ষ আমাদের বেতন দেয় না ঠিকমতো। সবারই দুই-তিন মাসের আটকিয়ে রাখে। আন্দোলনের মুখে আজকে নার্সদের বেতন এক মাস পর বেতন দিয়েছে। কিন্তু আমাদের দেয়নি।’

তিনি বলেন, প্রতিষ্ঠানটিতে এক রকম স্বৈরশাসন চলে। হাসপাতালে কখনও আইসিইউ বা সিসিইউ বেড ফাঁকা থাকে না। কিন্তু বেতন কম দেয়। প্রতিটি বিভাগ-ওয়ার্ডে রোগী ভালোই থাকে, নিয়মিত সার্জারি হয়। কিন্তু তারা এখানে বেতন না দিয়ে সেটা অন্য জায়গায় ব্যবহার করে।

নাম প্রকাশ না করার শর্তে এক আউটপেশেন্ট মেডিকেল অফিসার বলেন, ‘বকেয়া বেতন পরিশোধের দাবিতে আজকে সবাই বিক্ষোভ করেছে। প্রতি মাসেই দীর্ঘদিন পর বেতন দেয়। বেতন দিতে দিতে ২০-২৫ তারিখ হয়ে যায়। কোনো কোনো মেডিকেল অফিসার এখনও আগস্ট মাসেরই বেতন পাননি। আজকের আন্দোলনের পর নার্সদের বকেয়া বেতন পরিশোধ করা হয়েছে। পরে মেডিকেল অফিসার ও ইন্টার্ন চিকিৎসকসহ অন্যান্যরাও একই দাবিতে আন্দোলন শুরু করে। তবে কর্তৃপক্ষ আমাদেরকে দ্রুতই বেতন পরিশোধের আশ্বাস দিয়েছে।’

কথা হলে নাম প্রকাশে অনিচ্ছুক এক নার্স বলেন, সাত-আট মাস হয়ে যাচ্ছে আমদের বেতন ঠিকমতো দেয় না। এ ছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কিন্তু বেতনও বাড়ানো হচ্ছে না।’

তিনি বলেন, আজকে পরিচালকের সাথে দেখা করলে তিনি তালিকা করে আমাদের বের করে দেওয়ার হুমকি দেন। এক পর্যায়ে তুই-তুকারিও করেন। পরে আমরা সেখান থেকে বের হয়ে এসে রাস্তায় দাঁড়াই। এর মধ্যে সবাই একত্র হয়ে বিক্ষোভ শুরু করে। পরে হাসপাতালের চেয়ারম্যান আসেন। তিনি বেতনসহ অন্যান্য সমস্যা দূর করতে এক মাসের মতো সময় নিয়েছেন। আগামী দুয়েক দিনের মধ্যে পরিচালকের বিষয়েও সিদ্ধান্ত দিবেন বলে জানিয়েছেন।

এ বিষয়ে কথা বলতে হাসপাতালটির পরিচালক ডা. এনায়েত হোসেনের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। এ ছাড়া মেডিকেল কলেজ ও হাসপাতালটির চেয়ারম্যান এবং লক্ষ্মীপুর-১ আসনে একাদশ ও দ্বাদশ সংসদে আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেন খানের মুঠোফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল
  এই বিভাগের সর্বাধিক পঠিত