১০ অক্টোবর, ২০২৪ ০৭:৪৯ পিএম

শিক্ষার্থীদের ট্রমা কাটাতে মানসিক স্বাস্থ্যসেবা পৌঁছানো জরুরি: ঢাবি ভিসি

শিক্ষার্থীদের ট্রমা কাটাতে মানসিক স্বাস্থ্যসেবা পৌঁছানো জরুরি: ঢাবি ভিসি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। ছবি সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে অনেক শিক্ষার্থী মানসিক ট্রমার মধ্যে রয়েছে। তাদের কাছে মানসিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া খুবই জরুরি।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস’ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে ছাত্র নির্দেশনা ও পরামর্শদান দপ্তর এবং এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ঢাবি ভিসি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্দেশনা ও পরামর্শদান দপ্তর সীমিত সম্পদের মধ্যেও বছরব্যাপী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের বিনামূল্যে মানসিক স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। নবীন শিক্ষার্থীদের জন্য তাদের কাউন্সেলিং সেবা প্রশংসার দাবি রাখে।

এ সময় এই সেবা কার্যক্রম আরও সম্প্রসারণ ও জোরদার করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। পরে উপাচার্য বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে টিএসসি চত্বরে স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

‘কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়ার এখনই সময়’- এই প্রতিপাদ্যকে ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দিনব্যাপী দিবসটি পালন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

ছাত্র নির্দেশনা ও পরামর্শদান দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মেহজাবীন হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের চেয়ারম্যান ড. মো. আজহারুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এনএএন/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক