সেপ্টেম্বরে গণপিটুনিতে নিহত ২৮
মেডিভয়েস রিপোর্ট: দেশে গত সেপ্টেম্বর মাসে দলীয় রাজনৈতিক ও অভ্যন্তরীণ কোন্দলে অন্তত ২৮ জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ১৪ জন। বৃহস্পতিবার (০৩ অক্টোবর) মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের ভিত্তিতে তৈরি এই প্রতিবেদনে গত মাসে দেশজুড়ে ৮৩টি রাজনৈতিক সহিংসতার ঘটনা উল্লেখ করা হয়েছে। এসব ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৪৫টি বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এবং ২৩টি ছিল বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ।
এ ছাড়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও হামলায় আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের আরও আটজন নিহত হয়েছেন বলে জানানো হয়েছে।
প্রতিবেদন বলছে, এ সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বা হেফাজতে অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে খাগড়াছড়িতে গুলিতে উপজাতি সম্প্রদায়ের দু’জন এবং আশুলিয়ায় পুলিশের গুলিতে এক পোশাক শ্রমিক নিহত হন। পাশাপাশি সেপ্টেম্বরে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে নির্যাতনে চারজনের মৃত্যু হয়েছে।
মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, গত মাসে অন্তত ৪৪টি ধর্ষণের ঘটনাও ঘটেছে। এর মধ্যে ১৫ জন কিশোরী। এ সময়ে ১৮ নারী ও কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ করা হয়েছে। চারজনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে এবং ভুক্তভোগী একজন আত্মহত্যা করেছেন।
এ ছাড়া, সেপ্টেম্বরে সীমান্তে বিএসএফের গুলিতে দু’জন নিহত ও চারজন আহত হয়েছেন বলেও উঠে আসে প্রতিবেদনে।
এনএএন/