১০ সেপ্টেম্বর, ২০২৪ ০৬:২৩ পিএম

সোহরাওয়ার্দীর অধ্যক্ষ পদে নিয়োগ: সংশোধিত প্রজ্ঞাপনে বাদ ডা. ফজল নাসের

সোহরাওয়ার্দীর অধ্যক্ষ পদে নিয়োগ: সংশোধিত প্রজ্ঞাপনে বাদ ডা. ফজল নাসের
অধ্যাপক ডা. ফজল নাসের (ইনসেটে)। শান্তি সমাবেশে অংশ নেওয়া চিকিৎসকদের তোলা একটি ছবিতে দেখা যাচ্ছে তাকে (গোল চিহ্নিত)। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ পাওয়ার পর সংশোধিত প্রজ্ঞাপনে বাদ পড়েছেন শান্তি সমাবেশে অংশ নেওয়া অধ্যাপক ডা. ফজল নাসের। গতকাল সোমবার (৯ সেপ্টেম্বর) নিয়োগের দিনই সংশোধিত এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সোমবার দুটি মেডিকেল কলেজের অধ্যক্ষ নিয়োগ দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। এতে সোহরাওয়ার্দী মেডিকেলের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছিলেন ডা. ফজল নাসের। তিনি ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস এন্ড ইউরোলজির অধ্যাপক।

তবে সংশোধিত প্রজ্ঞাপনে ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে অধ্যাপক ডা. তানজিনা লতিফের নিয়োগের কথা উল্লেখ করা হলেও বাদ পড়ে যায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল।

এর আগে সোহরাওয়ার্দীর অধ্যক্ষ পদে ডা. ফজল নাসেরের নিয়োগের খবর ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলন চলাকালে হাসিনা সরকারের দমন-পীড়নের পক্ষে ৩ আগস্ট অনুষ্ঠিত শান্তি সমাবেশে সক্রিয় ভূমিকা রেখেছিলেন এই চিকিৎসক। ফলে তার নিয়োগের খবরে ক্ষুব্ধ হন সাধারণ চিকিৎসকরা।

এ নিয়ে কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এক চিকিৎসক। ছবিগুলোতে দেখা যায়, শান্তি সমাবেশে হাসিনা সরকারের সমর্থনে এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে দাঁড়াতে আয়োজিত শান্তি সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফজল নাসের।

পোস্টটিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে ওই চিকিৎসক লিখেছেন, ‘শান্তি সমাবেশে যোগ দিয়ে স্বৈরাচারী সরকার কর্তৃক আন্দোলন দমনের নামে ছাত্রজনতা হত্যায় সমর্থন দানের পুরষ্কার(!) স্বরুপ অধ্যাপক ডা. ফজল নাসের (ইউরোলজিষ্ট) অদ্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসাবে নিয়োগ পেয়েছেন! বাহ্! কি নিদারুণ রসিকতা হাজারো ছাত্র জনতার আত্মত্যাগের সাথে! কি বেঈমানি হাজারো শহীদের রক্তের সাথে! স্বাস্থ্য অধিদপ্তর এবং মন্ত্রণালয়ে এখনো জায়গায় জায়গায় বসে আছে পতন হওয়া স্বৈরাচারের প্রেতাত্মারা! দেখার কেউ নাই!’

এসব বিষয়ে কথা বলতে অধ্যাপক ডা. মো. ফজল নাসেরকে মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তাকে পাওয়া যায়নি।

সংশোধিত প্রজ্ঞাপন দেখুন

আগের প্রজ্ঞাপন দেখুন

এনএএন/এনএআর

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত