০৯ সেপ্টেম্বর, ২০২৪ ০২:১৬ এএম

ছাত্ররা সারা পৃথিবীর তরুণদের মনে স্বপ্ন জাগিয়েছে: প্রধান উপদেষ্টা

ছাত্ররা সারা পৃথিবীর তরুণদের মনে স্বপ্ন জাগিয়েছে: প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: তরুণদের হাতে নতুন পৃথিবী সৃষ্টি হবে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের ছাত্ররা পৃথিবীর তরুণদের মনে এ ব্যাপারে প্রচণ্ড ঢেউ ও স্বপ্ন জাগিয়ে দিয়েছে।

অন্তর্বর্তী সরকারের এক মাস পূর্তি উপলক্ষে আজ রোববার (৯ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ে এ কথা বলেন সরকারপ্রধান। এতে যোগ দেন আন্দোলনে অংশ নেওয়া ১৫০ জন প্রতিনিধি।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর তরুণদের মনে প্রচণ্ড ঢেউ ও স্বপ্ন জাগিয়ে দিয়েছো তোমরা। তরুণদের হাতে সৃষ্টি হবে নতুন পৃথিবী। আর তোমরাই এর সূত্রপাত করেছো। অর্থাৎ সুন্দর বাংলাদেশের মাধ্যমে নতুন পৃথিবী গড়ার সূত্রপাত। তোমরা সাধারণ থেকে পৃথিবীব্যাপী অসাধারণ হিসেবে স্বীকৃত হবে। কারণ তোমরা অসাধারণ কাজ করেছো। সেই কাজে যেন বিরতি না আসে, সেটাই হলো আমাদের প্রতিজ্ঞা।’

‘তোমাদের কাছে আমার একটি প্রস্তাব, অন্তত মাসে একটি করে চিঠি লিখো আমাদের কাছে, শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে—এটা বাকি রয়ে গেল, ওটা ঠিক হলো না। কারণ আমাদের মাথা থেকে হারিয়ে যেতে পারে, যেহেতু তোমরা যেভাবে দেখে এসেছো, আমরা সেভাবে দেখতে জানি না। সেই জানান দেওয়ার জন্য আমাদের গুঁতো (স্মরণ করানো) দিতে হবে, যাতে আমরা বিচ্যুত না হই’—যোগ করেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

এ সময় প্রতিবেশী দেশের সঙ্গে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উদ্দেশে ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক দরকার। কিন্তু সেই সম্পর্ক হবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে।’

পরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম সাংবাদিকদের জানান, শিক্ষার্থীদের এক প্রশ্নের উত্তরে ভারত-বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা বাড়াতে সার্ক পুনরুজ্জীবিত করার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, এ বিষয়ে বাংলাদেশ সরকার কাজ করতে আগ্রহী।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক