এসএসএমসির অধ্যক্ষ-উপাধ্যক্ষের পদত্যাগ দাবি শিক্ষার্থীদের
মেডিভয়েস রিপোর্ট: স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (এসএসএমসি) অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহাদাত হোসেন ও উপাধ্যক্ষ অধ্যাপক আকাইদুজ্জামানের পদত্যাগ চেয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (২৭ আগস্ট) ক্যাম্পাসে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত ও শান্তি সমাবেশে অংশ নেওয়া চিকিৎসকদের বিচার নিশ্চিত না হওয়ায় এই দাবি জানিয়েছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত সব ধরনের অফিস কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
বিক্ষোভকালে ‘দফা এক দাবি এক, প্রিন্সিপ্যালের পদত্যাগ’, ‘উই ওয়ান্ট জাস্টিস’সহ নানা স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের।
শিক্ষার্থীরা জানান, আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই সলিমুল্লাহ মেডিকেলে ছাত্রলীগের নেতৃত্বে ন্যাক্কারজনক হামলা করা হয় শিক্ষার্থীদের উপর। কিন্তু ঘটনার দেড় মাস পেরিয়ে গেলেও দোষীদের শাস্তি নিশ্চিত করা হয়নি। এমনকি আন্দোলনে অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থীদের নামে করা সাধারণ ডায়েরিও (জিডি) প্রত্যাহার করেনি কলেজ প্রশাসন। এ ছাড়া বেশ কয়েকজন চিকিৎসক গত ৩ আগস্ট কথিত শান্তি সমাবেশে অংশ নিয়ে গণহত্যায় মদদ জুগিয়েছেন।
বিক্ষোভকালে শিক্ষার্থীরা বলেন, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একাত্মতা পোষণের জন্য শিক্ষার্থীরা নিরস্ত্র মিছিল বের করে। তখন আওয়ামী সরকারের মদদপুষ্ট ছাত্রলীগ এবং কিছু শিক্ষক আমাদের উপর নির্মমভাবে হামলা চালায়।
তারা বলেন, হামলায় আমাদের এক বোনের মাথা ফেটে যায়। ছাত্রলীগ আমাদের এক বোনের হিজাব ধরে টান দেয়। দফায় দফায় আমাদের উপর হামলা করে তারা। রড দিয়ে পেটানো হয়। আমাদের কিছু ভাইকে হাসপাতালে ভর্তি হতে হয়।
‘কিন্তু সরকার পতন হয়ে গেলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি’ উল্লেখ করে শিক্ষার্থীরা বলেন, ১০ আগস্ট আমরা দাবি উত্থাপনের পর সবার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়। তদন্ত কমিটি গঠন করা হয়। ২১ আগস্ট এই কমিটি রিপোর্ট জমা দেয়। কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বিচার নিশ্চিতে আমরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলাম। সেটিও ১৬০ ঘণ্টা পেরিয়ে গেছে।
শিক্ষার্থীদের অভিযোগ, গত ১৬ জুলাই হামলার পরে ১৮ জুলাই একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী অভিযুক্তদের বাঁচাতে উল্টো সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে একটি জিডি করা হয়। কিন্তু এখনও এই জিডি প্রত্যাহার করা হয়নি।
তারা বলেন, ‘আমরা চাচ্ছি অনতিবিলম্বে এই মামলা প্রত্যাহার করতে হবে। একই সাথে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। কিন্তু এই প্রশাসন ব্যর্থ হওয়ায় আমরা প্রিন্সিপ্যাল এবং ভাইস প্রিন্সিপ্যালের পদত্যাগ দাবি করছি।’
এ ছাড়া অধ্যক্ষ এবং উপাধ্যক্ষের পদত্যাগ, শিক্ষার্থীদের উপর হামলায় জড়িতদের শাস্তি এবং শান্তি সমাবেশে অংশ নেওয়া শিক্ষকদের বদলি না করা পর্যন্ত ক্যাম্পাস ও সব ধরনের অফিস কার্যক্রম বন্ধ থাকবে বলেও উল্লেখ করেন তারা।
এনএআর/এমইউ
-
২৪ ফেব্রুয়ারী, ২০২৬
-
২১ নভেম্বর, ২০২৫
-
০১ সেপ্টেম্বর, ২০২৫
-
২৯ অগাস্ট, ২০২৫
-
২২ জুলাই, ২০২৫