২২ অগাস্ট, ২০২৪ ১২:২৮ পিএম
বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা

সলিমুল্লাহর ২৪ শিক্ষার্থী বহিষ্কার, ৯ শিক্ষককে বদলির সুপারিশ

সলিমুল্লাহর ২৪ শিক্ষার্থী বহিষ্কার, ৯ শিক্ষককে বদলির সুপারিশ
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ২৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার এবং আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগ দেওয়া ৯ শিক্ষককে বদলির সুপারিশ করেছে একাডেমিক কাউন্সিল।

অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে বুধবার (২১ আগস্ট) সাড়ে ৯টা দিকে অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয়।

বহিষ্কৃত শিক্ষার্থীরা ছাত্রলীগের নেতাকর্মী এবং শিক্ষকরা আওয়ামী লীগ সমর্থক চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সদস্য। সভায় অধ্যক্ষকেও বদলির সুপারিশ করা হয়েছে।

সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহাদাত হোসেন আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে মেডিভয়েসকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ১৬ জুলাই সলিমুল্লাহ মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা হয়। আহত শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়। কমিটির প্রতিবেদন ও সুপারিশের ভিত্তিতে একাডেমিক কাউন্সিল শাস্তির সিদ্ধান্ত নেয়।

কাউন্সিলের বৈঠকে গৃহিত সিদ্ধান্ত অনুযায়ী, ৪৬তম ব্যাচের শিক্ষার্থী শাকের আহমেদ, ডা. তন্ময় ও ডা. সাব্বিরকে হল ও ক্যাম্পাস থেকে ১০ বছরের জন্য বহিষ্কার করা হয়। বহিরাগত ডা. দুর্জয়, ডা. জয়, ডা. সার্ফিনাজ, ডা. সার্দেকুল, ডা. শহীদুলকে আজীবনের জন্য অবাঞ্ছিত ঘোষণা করা হবে। অভিযুক্ত বহিরাগত ও ইন্টার্নরা কোনো ধরনের অনারারি প্রোগ্রাম (পোস্ট গ্র্যাজুয়েট বা ট্রেইনিং প্রোগ্রাম) বা চাকরি নিয়েও কলেজে আসতে পারবেন না।

আলিফ, নওশীদ, আনিসকে হল ও ক্যাম্পাস থেকে তিন বছরের জন্য বহিষ্কার এবং ইন্টার্ন ডা. ফাহিম ও ডা. আজিজকে হল ও ইন্টার্নশিপ থেকে তিন বছরের জন্য বহিষ্কার করা হবে। বহিরাগত ডা. শাফিন, ডা. নুরুজ্জামানকে তিন বছরের জন্য ক্যাম্পাসে অবাঞ্ছিত থাকবেন।

পরোক্ষভাবে ভীতি প্রদর্শন ও গুজব ছড়ানোর দায়ে ছাত্র নওশীন, ঋতিকা, কেয়াকে সব ছাত্রীনিবাস ও ইন্টার্ন হল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে ও মুচলেকার সিদ্ধান্ত হয়। বহিরাগত ডা. সাগরকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। গুজব রটানোর জন্য প্রমাকে সব ছাত্রীনিবাস ও ইন্টার্ন হল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে ও মুচলেকা দিতে হবে। পরোক্ষভাবে বহিরাগত উস্কানিদাতা ডা. মজনু মিয়া, ডা. মাইদুল, ডা. রাতুল, ডা. আসাদুজ্জামান, ডা. নবাবকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।

অধ্যক্ষসহ ৯ শিক্ষককে বদলির সুপারিশ

এ ছাড়া গত ১৬ জুলাই হামলার ঘটনায় ইউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক সুদীপ দাশগুপ্ত, মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আব্দুস ছাত্তার সরকার, সহযোগী অধ্যাপক ডা. আমিরুজ্জামান সুমন এবং শান্তি সমাবেশে যোগ দেওয়ার জন্য অধ্যক্ষ শাহাদাত, উপাধ্যক্ষ অধ্যাপক আকাইদুজ্জামান, অধ্যাপক গোবিন্দ চন্দ্র সাহা, অধ্যাপক অজয় কুমার সরকার, সহকারী রেজিস্ট্রার ডা. প্রহ্লাদ পালকে বদলির জন্য সুপারিশপত্র পাঠানো হবে।

এ ছাড়া ৫০তম ব্যাচের শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. নাজমুন নাহার রোজীকে বদলির জন্য কর্তৃপক্ষ সুপারিশপত্র পাঠাবে। 

যা বললেন অধ্যক্ষ

গত ১৬ জুলাই শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায় এড়াতে পারেন কিনা, জানতে চাইলে সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহাদাত হোসেন বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানপ্রধান হিসেবে আমি এর দায় এড়াতে পারি না। তবে আপনি সরেজমিন এসে খোঁজ নিলে দেখবেন আমিসহ কয়েকজন শিক্ষক ঝগড়া এড়ানোর চেষ্টায় তৎপর ছিলাম।’

মেডিভয়েসের কাছে একটি ভিডিও এসেছে, যেখানে দেখা যায়আপনার কক্ষে ছাত্রলীগ নেতাকর্মীরা চেয়ার ভেঙে হাতিয়ার বানাচ্ছে এবং সেখানে আপনি সম্পূর্ণ নির্লিপ্ত। কিছুক্ষণ পর এই অস্ত্র নিয়েই তারা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এমন বর্ণায় তিনি বলেন, ‘তাদেরকে বাহির থেকে কেউ কেউ উসকানি দিচ্ছিল। আমরা উভয়পক্ষকে নিবৃত্ত করার চেষ্টা করেছি।’

এ প্রসঙ্গে মেডিয়াট্রিক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আবু জাফর আজ বুধবার (২২ আগস্ট) দুপুরে  মেডিভয়েসকে বলেন, ‘শিক্ষার্থীদের দাবি অনুযায়ী হামলায় জড়িক কয়েকজন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার এবং অধ্যক্ষসহ ৯ জনকে বদলির সুপারিশের সিদ্ধান্ত হয়। সরকারি চাকরিতে পদত্যাগের নিয়মত নেই। বদলি হতে পারে। দেখি, কী হয়?’

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত