অন্তর্বর্তী সরকারে যুক্ত হচ্ছেন আরও ৫ উপদেষ্টা
মেডিভয়েস রিপোর্ট: নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার সংখ্যা আরও বাড়ছে। নতুন করে শপথ নেবেন আরও পাঁচ উপদেষ্টা। এ নিয়ে মোট উপদেষ্টার সংখ্যা দাঁড়াবে ২২ জনে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। তবে নতুন হতে যাওয়া পাঁচ উপদেষ্টার নাম এখনো জানা যায়নি।
জানা গেছে, শুক্রবার (১৬ আগস্ট) বিকাল ৪টায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করাবেন। শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্যান্য উপদেষ্টারা।
গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপরই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন (৬ আগস্ট) ভেঙে দেওয়া হয় দ্বাদশ জাতীয় সংসদ। এরপর ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তী সরকার। পরে ৯ আগস্ট শপথ নেওয়া প্রধান উপদেষ্টা এবং অন্য উপদেষ্টাদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
এনএএন