শাহবাগে উত্তেজনা
বিএসএমএমইউতে ভাঙচুর, গাড়িতে আগুন
মেডিভয়েস রিপোর্ট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকারের পদত্যাগের এক দফা দাবিতে কর্মসূচিতে রাজধানীর শাহবাগে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
আজ রোববার (৪ আগস্ট) সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটেছে। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী একাধিক সূত্র জানিয়েছে, সকাল ১১টার আগে আন্দোলনকারীরা শাহবাগে অবস্থান নেয়। এরপর সেখানে ছাত্রলীগের কর্মীরা গিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ সময় সেখানে থাকা বিভিন্ন যানবাহন ভাঙচুর এবং মোটরসাইকেলে আগুন দেয়ার ঘটনাও ঘটে।
এ ঘটনায় সাধারণ মানুষ এবং হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
জানতে চাইলে বিএসএমএমইউর প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান আজ রোববার (৪ আগস্ট) দুপুরে মেডিভয়েসকে বলেন, আন্দোলনকারীরা ক্যাম্পাসে ঢুকে বিশ্ববিদ্যালয়ের গাড়ি, অ্যাম্বুলেন্স ও মোটরসাইটেলে আগুন দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে এর জন্য মামলা দায়ের করা হবে।
তবে এ অভিযোগ অস্বীকার করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তারেক রেজা গণমাধ্যমকে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আগুন দিয়েছে ছাত্রলীগ৷
আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীদের বিরুদ্ধে অগ্নিসংযোগ অভিযোগ এনে আরেক সমন্বয়ক আসাদ বিন রনি বলেন, ‘বিএসএমএমইউ কর্তৃপক্ষ ছাত্রলীগ নেতা-কর্মীদের অবস্থানের সুযোগ করে দিয়েছে। সেখান থেকে আগে সাধারণ ছাত্রদের ওপর হামলা হয়েছে। এ কারণে উত্তেজনা তৈরি হয়েছে। ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের কোনো সম্পর্ক নেই।’
এমইউ/