১১ জুলাই, ২০২৪ ০২:৫৪ পিএম

‘মাদকাসক্তিকে মানসিক রোগ হিসেবে গুরুত্ব দিতে হবে’

‘মাদকাসক্তিকে মানসিক রোগ হিসেবে গুরুত্ব দিতে হবে’
‘মাদকাসক্তি, অপরাধ নাকি মানসিক রোগ? এর প্রতিকার’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: মাদকাসক্তি অপরাধ নয়, নৈতিক সংকটও নয়; এটিকে একটি মানসিক রোগ হিসেবে গুরুত্ব দিতে হবে। মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসায় এগিয়ে আসতে হবে সবাইকে। একই সাথে মাদক প্রবেশের পথগুলো চিহ্নিত করে সেগুলো বন্ধে উদ্যোগ নিতে হবে।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) ‘মাদকাসক্তি, অপরাধ নাকি মানসিক রোগ? এর প্রতিকার’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা উঠে এসেছে। অ্যাথেনা লিমিটেড মানসিক ও মাদকাসক্তি চিকিৎসা এবং মানসিক স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে।

এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেন্টাল হেলথ কাউন্সেলর নুসরাত সাবরিন চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, ‘বাংলাদেশে কোনো মাদক তৈরি হয় না। পার্শ্ববর্তী দেশ থেকে বাংলাদেশে মাদক প্রবেশ করে। তাহলে কেন আমরা মাদকের প্রবেশ পথগুলো বন্ধ করতে পারছি না? মাদকের প্রবেশ পথগুলো চিহ্নিত করতে হবে।’

মন্ত্রী বলেন, ‘একইসঙ্গে মাদক ব্যবসা বা মাদক সরবরাহের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মাদক নির্মূল করতে হবে।’

মাদকের বিরুদ্ধে ব্যাপক সামাজিক আন্দোলনের অংশ হিসেবে মাদকের শারীরিক ও মানসিক প্রভাব সম্পর্কে তথ্যসমূহ সহজভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং খেলার মাঠের গুরুত্বও তিনি তার বক্তব্যে তুলে ধরেন।

অ্যাথেনা লিমিটেড এর ৫ম বর্ষপূর্তি উপলক্ষে সামাজিক সচেতনতা তৈরির লক্ষ্যে এই গোলটেবিল বৈঠক এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য জারা জাবীন মাহবুব। প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মোস্তাফিজুর রহমান, সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী, বিশিষ্ট চিকিৎসাবিদ ডা. অরূপ রতন চৌধুরীসহ আরও অনেকে।

আলোচনার পাশাপাশি মাদকবিরোধী আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা পালন করার জন্য অ্যাথেনা এর পক্ষ থেকে অধ্যাপক ডা. অরূপ রতন চৌধুরী অধ্যাপক ডা. মোহিত কামালকে সম্মাননা স্মারক তুলে দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম ও অ্যাথেনার ব্যবস্থাপনা পরিচালক ডা. ইফতেখার ই আলম সিদ্দিকী শোভন।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্ট এর সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব). অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম সেমিনারে সভাপতিত্ব করেন।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : মাদকাসক্তি
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক