‘শিক্ষিত শ্রেণির মধ্যে মাদকাসক্তি সমস্যা বাড়ছে’
সমাজ থেকে মাদক সরিয়ে নিলেই নিরসন সহজ হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: পরিবার ও সমাজ থেকে তামাক ও মাদক সরিয়ে নিলেই এই সমস্যার সহজ সমাধান হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা। একই সাথে দেশে শিক্ষিতদের মধ্যে মাদকাসক্তির হার বাড়ছে বলে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী প্রচারণা বাড়ানোর তাগিদও দিয়েছেন।
আজ মঙ্গলবার (৯ জুলাই) রাজধানীর বারডেম হাসপাতাল মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৪’ উপলক্ষে মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা-মানস আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
ডা. রোকেয়া সুলতানা বলেন, ‘কোনো বাবা-মা চান না তার সন্তান বিপথগামী হোক। পরিবারে একজন মাদকাসক্ত থাকলে পুরো পরিবার ধ্বংস হয়ে যায়। সমাজ তাদেরকে ভিন্ন চোখে দেখে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘একটা সময় ছিলো যখন পথশিশু, ছিন্নমূল মানুষদের মধ্যে মাদকাসক্তি বেশি ছিলো। কিন্তু, বর্তমানে আমাদের শিক্ষিত শ্রেণির মধ্যে মাদকাসক্তি সমস্যা বাড়ছে। ফলে মাদকের নেতিবাচক প্রভাব পরিবার, সমাজ, রাষ্ট্র সবখানেই লক্ষ্য করা যাচ্ছে।’
সচেতনতা ও পুনর্বাসনের ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘প্রত্যেক স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে মাদকবিরোধী প্রচারণা বাড়াতে হবে, প্রতিরোধে জোর দিতে হবে।’
স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও বলেন, ‘দেশে মাদকের চিকিৎসায় উন্নতমানের রিহ্যাব সেন্টারের প্রয়োজনীয়তা রয়েছে। এটাও লক্ষণীয় যে, চিকিৎসা নিয়ে অনেকে পুনরায় মাদকে আসক্ত হচ্ছে। তাই নিজেদের পরিবার ও সমাজ থেকে তামাক, মাদক সরিয়ে নিতে পারলে সমস্যা নিরসন সহজতর হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এ সকল কাজে সহায়তা করবে।’
আলোচনায় অংশ নিয়ে অন্য বক্তারা বলেন, সুস্থ মানবসম্পদ গড়ে তুলতে মাদক নির্মূলের বিকল্প নেই। কিশোর-তরুণদেরকে মাদক ও তামাকের নেশা থেকে দূরে রাখতে প্রতিরোধ কর্মসূচি জোরালো করতে হবে।
মানসের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরী অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন ও সভাপতিত্ব করেন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খোন্দকার মেস্তাফিজুর রহমান, ইব্রাহিম মেডিকেল কলেজ ও ডেন্টাল ইউনিটের অধ্যক্ষ অধ্যাপক নাজমা হক, ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইমের (ইউএনওডিসি) ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর (ড্রাগস অ্যান্ড এইচআইভি/এইডস) মো. আবু তাহের প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও ইব্রাহিম মেডিকেল কলেজ ও ডেন্টাল ইউনিটের সহায়তায় আয়োজিত সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, ইব্রাহীম মেডিকেল কলেজের শিক্ষক ও শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এনএআর/
-
০২ মার্চ, ২০২৪