আফতাবনগরে বসবে না পশুর হাট: আপিল বিভাগ
মেডিভয়েস রিপোর্ট: ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর আফতাবনগরে পশুর হাট বসানোর ইজারার বিজ্ঞপ্তি স্থগিত করেছিল হাইকোর্ট। সেই আদেশের বিরুদ্ধে আপিলের পর তা আবার বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে আসন্ন ঈদে আফতাবনগরে বসছে না পশুর হাট।
সোমবার (০৩ জুন) শুনানি শেষে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৪ সদস্যের বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আজ রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক ও অ্যাডভোকেট এস এম শামীম হোসাইন। হাটের ইজারাদার নুরুল ইসলামের পক্ষে ছিলেন ব্যারিস্টার আজমালুল হোসেন কেসি।
আইনজীবী অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক বলেন, আফতাবনগর পরিকল্পিত আবাসিক নগরী হিসেবে বিবেচনায় নিয়ে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।
গত ৪ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান সম্পত্তি কর্মকর্তা ঈদুল আজহা ২০২৪ উপলক্ষে কোরবানির পশুর হাট বসানোর জন্য ইজারা বিজ্ঞপ্তি দেন। ওই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলমগীর হোসেন ঢালী।
এরই প্রেক্ষিতে ৮ মে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ইজারার বিজ্ঞপ্তি স্থগিত করেন হাইকোর্ট। পরে ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন হাটের ইজারাদার নুরুল ইসলাম।
এনএএন/