চমেক শিক্ষার্থীদের এভারেস্ট জয়ের গল্প শোনাবেন ডা. বাবর
মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম মেডিকেল কলেজের নবীন এমবিবিএস শিক্ষার্থীদের এভারেস্ট জয়ের গল্প শোনাতে যাচ্ছেন পঞ্চম এভারেস্টজয়ী বাংলাদেশি ডা. বাবর আলী। আগামী বুধবার (৫ জুন) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের উদ্বোধনী ক্লাস ও পরিচিতি অনুষ্ঠান উপলক্ষে এই আয়োজন করেছে কর্তৃপক্ষ।
এদিন সকাল ১০টায় চমেকের শাহ আলম বীর উত্তম মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. ইসমাইল খান।
শনিবার (১ জুন) চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সন্তান ডা. বাবর আলী চট্টগ্রাম মেডিকেল কলেজের ৫১তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। গত ১৯ মে ভোরে ২৯ হাজার ৩১ ফুট উচ্চতার মাউন্ট এভারেস্টের শীর্ষে ওড়ান বাংলাদেশের পতাকা। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের চূড়ায় উঠার দুই দিন পর লোৎসে পর্বতে (৮ হাজার ৫১৬ মিটার) ওঠেন তিনি।
চমেকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তিকৃত (৬৬তম ব্যাচ) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস উদ্বোধন ও পরিচিতি অনুষ্ঠান আগামী ৫ জুন সকাল ১০টায় শাহ আলম বীর উত্তম মিলনায়তনে অনুষ্ঠিত হবে। ক্লাস উদ্বোধন ও পরিচিতি অনুষ্ঠানে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ইসমাইল খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।’
এতে আরো বলা হয়, ‘সম্প্রতি পঞ্চম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয়ী এবং বাংলাদেশের কোনো সন্তানের প্রথম লোৎসে সামিট এবং প্রথম একই অভিযানে দুইটি ৮ হাজারি শৃঙ্গ সামিট জয়ী চট্টগ্রাম মেডিকেল কলেজের ৫১তম ব্যাচের প্রাক্তন কৃতি শিক্ষার্থী ডা. মো. বাবর আলী এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।’
অনুষ্ঠান শুরুর ১৫ মিনিট পূর্বে অ্যাপ্রোন পরে অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে নবীন শিক্ষার্থীদের। আমন্ত্রণ জানানো হয়েছে শিক্ষার্থীর অভিভাবকদেরও।
এ ছাড়া একই দিন হোস্টেল সিটের জন্য আবেদনকারী শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে প্রজ্ঞাপনে।
এনএআর/
-
২২ এপ্রিল, ২০২৬
-
০৮ মার্চ, ২০২৬
-
১৩ ডিসেম্বর, ২০২৫
-
২০ নভেম্বর, ২০২৫
-
১১ অগাস্ট, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
২৬ এপ্রিল, ২০২৫