২৯ মে, ২০২৪ ০৯:২১ পিএম
সমন্বিত হজ চিকিৎসক দল

সেই ৫ ‘নার্সের’ পিটিশন খারিজ, আরো ৩ জনের বিরুদ্ধে স্থগিতাদেশ

সেই ৫ ‘নার্সের’ পিটিশন খারিজ, আরো ৩ জনের বিরুদ্ধে স্থগিতাদেশ
ফাইল ছবি।

মেডিভয়েস রিপোর্ট: ১৮৯ জনের সমন্বিত হজ চিকিৎসক দলের নয় নার্সের ওপর হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে দায়ের করা সিভিল পিটিশন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এ দিকে পৃথক একটি রিটের আদেশে নার্স হিসাবে নতুন করে তালিকাভুক্ত আরো তিনজনের ওপর স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ বুধবার (২৯ মে) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন বেঞ্চ এবং হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বাধীন কোর্ট পৃথকভাবে এই আদেশ দেন।

সিভিল পিটিশন খারিজ এবং নতুন তিনজনের হজযাত্রায় স্থগিতাদেশের বিষয়টি মেডিভয়েসকে নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সাখাওয়াত হোসাইন খান। উভয় আদালতে স্থগিতাদেশের পক্ষে শুনানি করেন তিনি। আপিল বিভাগের চেম্বার আদালতে পিটিশনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সরদার আবুল হোসেন, আলী আজম,  ওয়াজিউল্লা এবং ব্যারিস্টার নাজমুল হুদা প্রমুখ।

ব্যারিস্টার সাখাওয়াত হোসাইন খান মেডিভয়েসকে বলেন, ‘চলতি বছর ৯ এপ্রিল সমন্বিত হজ চিকিৎসক দল গঠন করে  ধর্ম মন্ত্রণালয়। ১৮৯ জনের এই বহরে রাখা হয় চিকিৎসক ৮৫ জন, নার্স ৫৫ জন, ফার্মাসিস্ট ২৪ জন এবং ওটি/ল্যাব অ্যাসিস্ট্যান্ট ২৫ জনকে। কিন্তু ৫৫ জন নার্সের তালিকার মধ্যে তিন জন নার্সই নয়। এ ছাড়া আরো কয়েকজন বিভিন্ন অনিয়মের মাধ্যমে এই তালিকায় অন্তর্ভুক্ত হয়।

এই ঘটনায় ১২ এপ্রিল জামালপুরের ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স ও বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি খাঁন মো. গোলাম মোরশেদ দুদক চেয়ারম্যান, স্বাস্থ্য সচিব ও ধর্ম সচিব বরাবরে অভিযোগ দেন। বিষয়টি নিষ্পত্তি না করায় তিনি ১৮ এপ্রিল সংশ্লিষ্টদের আইনি নোটিশ দেন। তাতে সাড়া না পেয়ে তিনি হাইকোর্ট রিট করেন। শুনানি শেষে ২৮ এপ্রিল হাইকোর্ট রুল জারি করে নয়জনের বিষয়ে সমন্বিত হজ চিকিৎসক দলে থাকার বিষয়টি স্থগিত করেন।

পরে এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রথমে দুইজন নার্স ও রাষ্ট্রপক্ষ এবং পরে আরো তিনজন নার্স আলাদাভাবে আপিল বিভাগে আবেদন করেন। ওই আবেদনের প্রেক্ষিতে ৮ মে চেম্বার জজরা কোনো আদেশ দেননি। ফলে স্থগিতাদেশ বহাল থাকে। কিন্তু ওই পাঁচজন নার্স আবারো আবেদন করলে আজ প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি মো. আশফাকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, বিচারপতি কাশেফা হোসেনের বেঞ্চ তা খারিজ করে দেন। ফলে ওই নয়জনের স্থগিতাদেশ বহাল থাকল।’

আদালত সূত্রে জানা গেছে, স্থগিতাদেশপ্রাপ্ত নয় নার্সের মধ্যে সিনিয়র স্টাফ নার্স হামিদা খাতুন, কামরুন নাহার, ফিরোজা বেগম, আনিসুজ্জামান ও প্রভাষক নাজমা আক্তার এই সিভিল পিটিশন করেছিলেন।

ব্যারিস্টার সাখাওয়াত হোসাইন আরো বলেন, ‘নতুন আরেকটি সমন্বিত হজ টিমে আরো ১৪ জন নার্সের একটি দল রাখে মন্ত্রণালয়। কিন্তু মধ্যে তিনজন নার্স নয়। ফলে এই তিনজনের মনোনয়নটা আমরা চ্যালেঞ্জ করি। সেই পিটিশনে আদালত রুল জারি করলেন এবং ওই তিনজনের ওপর একটা স্থগিতাদেশ দিলেন।’

সুপ্রিম কোর্টের এই সিনিয়র আইনজীবী বলেন, ‘সরকার একটা হজ নীতিমালা করেছে। কিন্তু বারবার সেটা লঙ্ঘন করা হয়েছে। এ জন্য আমরা আদালতে পিটিশনগুলো দায়ের করেছি। ’

নতুন করে স্থগিতাদেশপ্রাপ্ত তিন জন পেশায় মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। তারা হলেন মাস্টার ওয়ারেন্ট অফিসার আলাল উদ্দিন, সার্জেন্ট মো. বাবলুর রহমান এবং ল্যান্স কর্পোরাল মাসুদ রানা। 

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : মেডিকেল টিম
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক