১২ মে, ২০২৪ ০৪:২৪ পিএম

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক আসিব আহসান

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক আসিব আহসান
মো. আসিব আহসান। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক সাহান আরা বানুকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির পরিচালক (প্রশাসন) মো. আসিব আহসানকে মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন মহাপরিচালক যোগদান না করা পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন।

আজ রোববার (১২ মে) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সিনিয়র সহকারী সচিব (প্রশাসন-১) রাহেলা রহমত উল্লাহ স্বাক্ষরিত অফিস আদেশে এ কথা বলা হয়েছে।

গত ৮ মে প্রকাশিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের সূত্র উল্লেখ করে অফিস আদেশে বলা হয়, ‘পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক সাহান আরা বানু অবসর গমনের নিমিত্তে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করায় বদলিকৃত কর্মস্থলে যোগদানের নিমিত্তে এ বিভাগ হতে ১২ মে অবমুক্ত করায় নতুন মহাপরিচালক যোগদান না করা পর্যন্ত মহাপরিচালকের দায়িত্ব পালনের জন্য যুগ্মসচিব ও অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. আসিব আহসানকে নির্দেশক্রমে দায়িত্ব প্রদান করা হলো।’

উল্লেখ্য, ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্ব পাওয়া মো. আসিব আহসান ২০২২ সালে যুগ্মসচিব পদে পদোন্নতি পান। এর আগে তিনি রংপুরের জেলা প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করেন। যুগ্মসচিব আসিব আহসান বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ২১তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।

►অফিস আদেশটি দেখতে ক্লিক করুন

এনএআর/এএনএম

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : পরিবার পরিকল্পনা অধিদপ্তর
  এই বিভাগের সর্বাধিক পঠিত