১৯ ফেব্রুয়ারী, ২০২৪ ০৩:০৬ পিএম

এমবিবিএস পরীক্ষায় উত্তরপত্র ছেঁড়ার ঘটনা ঘটেনি: তদন্ত কমিটি

এমবিবিএস পরীক্ষায় উত্তরপত্র ছেঁড়ার ঘটনা ঘটেনি: তদন্ত কমিটি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এমবিবিএস ভর্তি পরীক্ষায় কোনো পরীক্ষার্থীর উত্তরপত্র (ওএমআর শিট) ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেনি। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর গঠিত তদন্ত কমিটির এমন তথ্য উঠে এসেছে।  

তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ নিয়ে আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে অধিদপ্তরে মহাপরিচালক অধ্যাপক ডা. টিটো মিয়া এই কথা জানান।

অধ্যাপক টিটো মিয়া জানান, ‘অভিযোগকারী শিক্ষার্থীর অভিযোগ অনুযায়ী রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্র (শেখ কামাল ভবন, অষ্টম তলা) আমাদের তদন্ত কমিটি পরিদর্শন করেছে। তারা শিক্ষার্থী ও তার পরিবারের সঙ্গেও কথা বলেছে। সবমিলিয়ে আমরা জানতে পেরেছি, পরীক্ষার দিন ওএমআর শিট ছেঁড়ার মতো কোনো ঘটনা ঘটেনি। ওই ছাত্রীর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’

গত ৯ ফেব্রুয়ারি ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার দুই দিন পর হুমাইরা ইসলাম ছোঁয়া নামে এক নারী পরীক্ষার্থী স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে একটি অভিযোগ জমা দেন।

অভিযোগে বলা হয়, পরীক্ষা শুরুর ৪০ মিনিট পর তার পাশের একজন হিজাব পরা শিক্ষার্থী থেকে হলের দায়িত্বরত নারী পর্যবেক্ষক কানে থাকা ডিভাইস উদ্ধার করেন। এ সময় কানে ডিভাইস রাখা মেয়ের সঙ্গে পাশের দুই শিক্ষার্থী হুমাইরা ইসলাম ও আরেকজনের যোগসাজশের অভিযোগ তুলেন। এ সময় তিনি তাদের সবার উত্তরপত্র ছিঁড়ে ফেলেন।

কিন্তু ডিভাইস উদ্ধার করা শিক্ষার্থীর সঙ্গে শেষ পর্যন্ত অন্য দুইজনের সম্পৃক্ততা প্রমাণিত না হওয়ায় পরীক্ষা শেষ হবার ৫ মিনিট আগে হুমাইরা ও তার পাশের আরেকজন মেয়েকে নতুন প্রশ্ন ও ওএমআর শিট প্রদান করেন ওই পর্যবেক্ষক।

দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় বসা হুমাইরা ইসলামের দাবি, ৪০ মিনিটে তিনি ৭৫টি প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছিলেন, যার মধ্যে ৭০টি উত্তর নিশ্চিত সঠিক ছিল।

অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনা তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। 

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক কাজী আফজালুর রহমানের নেতৃত্বে কমিটির ছিলেন সদস্যসচিব অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান। কমিটির অন্য দুই সদস্য ঢাকা মেডিকেল কলেজের থোরাসিক সার্জারি বিভাগের অধ্যাপক কামরুল আলম ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. কামাল হোসেন।

এমবিবিএস ভর্তি পরীক্ষার সময় পর্যবেক্ষকের বিরুদ্ধে উত্তরপত্র (ওএমআর শিট) ছিঁড়ে ফেলার নিয়ে হুমাইরা ইসলাম ছোঁয়ার অভিযোগ বিষয়ে গত মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) তদন্তকাজ পরিচালনা করে গঠিত তদন্ত কমিটি।

কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে।

আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ওই শিক্ষার্থী ও তাঁর অভিভাবকেরা স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেনের সঙ্গে দেখা করেন। তখন তাঁদের তদন্ত প্রতিবেদনের বিষয়বস্তু জানানো হয়। তবে তাঁরা তদন্ত প্রতিবেদন মেনে নেননি।

ঘটনাটি নিয়ে অধিকতর তদন্ত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে মন্ত্রণালয়ের একটি সূত্র।

এএনএম/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক