জরুরি সেবা চালু রাখা
দুই চিকিৎসকসহ ৫ স্বাস্থ্যকর্মীকে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়ন
মেডিভয়েস রিপোর্ট: জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি সেবা অব্যাহত রাখার লক্ষ্যে পার্শ্ববর্তী গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত দুই চিকিৎসকসহ পাঁচ স্বাস্থ্যকর্মীকে সাময়িকভাবে দায়িত্ব পালনের সেখানে সংযুক্তিতে পদায়ন করা হয়েছে।
শনিবার (২০ জানুয়ারি) সিলেটের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. হারুন-অর-রশীদ স্বাক্ষরিত এক আদেশে এ কথা বলা হয়।
এতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিম্নেবর্ণিত কর্মকর্তা/কর্মচারীদেরকে তাঁদের নামের পার্শ্বে বর্ণিত কর্মস্থলে সাময়িকভাবে দায়িত্ব পালনের জন্য সংযুক্তিতে বহাল করা হলো।
তারা হলেন—গোয়াইনঘাটের আলীরগাঁও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সহকারী সার্জন ডা. মো. ইমতিয়াজ আহমদ (১৪৪০৮৩), ফতেহপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সহকারী সার্জন ডা. বিশাল দাস (১৪৬৭১০), গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্কের সিনিয়র স্টাফ নার্স মো. সুমন আহমদ ও মো. মনোয়ার হোসেন এবং পশ্চিম জাফলং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) মো. রাকিবুল ইসলাম।
জনস্বার্থে জারি করা এ আদেশ প্রাপ্তির সাথে সাথে সংযুক্তিতে পদায়ন/বহালকৃত কর্মকর্তা/কর্মচারীদেরকে ছাড়পত্র প্রদানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়।
অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।
জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএন্ডএফপিও) ডা. মো. সালাহউদ্দিন মিয়া মেডিভয়েসকে বলেন, সড়ক দুর্ঘটনায় চার বন্ধুর মৃত্যুতে হাসপাতালে হামলার ঘটনায় একাধিক স্বাস্থ্যকর্মী আহত হয়েছেন। তারা সাময়িক সময়ের জন্য সেবা থেকে বিচ্ছিন্ন। এ ছাড়া নিরাপত্তাজনিত কারণে আতঙ্কিত অন্য চিকিৎসকসহ অনেক স্বাস্থ্যকর্মী সে দিন রাতে হাসপাতালে ছিলেন না। এমন পরিস্থিতিতে জরুরি সেবা চালু রাখার লক্ষ্যে দ্রুততম সময়ে পার্শ্ববর্তী হাসপাতালের চিকিৎসকসহ কয়েকজন স্বাস্থ্যকর্মীকে পদায়ন করা হয়েছে।
এএনএম/