পারিতোষিক: অবৈতনিক প্রশিক্ষণার্থীদের আবেদনের আহ্বান
মেডিভয়েস রিপোর্ট: অবৈতনিক ফেলোশিপ প্রশিক্ষণার্থীদের পারিতোষিক পেতে আবেদনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস)।
আজ বুধবার (২০ ডিসেম্বর) প্রতিষ্ঠানটির অনারারি সচিব অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘বিসিপিএস এর ফেলোশীপ প্রোগ্রামের আওতায় যে সকল প্রশিক্ষণার্থী জুলাই ২০২৩ খ্রিঃ থেকে ডিসেম্বর ২০২৩ খ্রিঃ পর্যন্ত অবৈতনিক প্রশিক্ষণার্থী হিসেবে এফসিপিএস ২য় পর্বের প্রশিক্ষণে আছেন, তাঁদেরকে বিসিপিএস এর ওয়েবসাইট https://www.bcps.edu.bd/Notice/Training%20Allowance%20Bill%20Form.pdf থেকে পারিতোষিক প্রদানের বিল ফরম ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করে কলেজের আরটিএম বিভাগ (ব্লক-বি, ২য়তলা) এ আগামী ২৮ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ তারিখের মধ্যে জমা দেয়ার জন্য অনুরোধ করা হলো।’
‘যাঁরা অবৈতনিক প্রশিক্ষণার্থী হিসেবে পারিতোষিক এর জন্য ইতঃপূর্বে আবেদন করেননি, তাঁরা এ ভাতার আওতায় আসবেন না’—উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
এতদ্সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য কলেজের ওয়েবসাইট (www.bcps.edu.bd) ভিজিটের নির্দেশনা দেওয়া হয়েছে।