স্বাস্থ্যসেবা সহজতর করতে আসছে ‘স্বাস্থ্য কার্ড’
মেডিভয়েস রিপোর্ট: জনগণের স্বাস্থ্যসেবা ব্যবস্থা আরও সহজতর করতে ও স্বাস্থ্যখাতকে ডিজিটাল করার লক্ষ্যে উন্নত দেশের ন্যায় বাংলাদেশেও শুরু হতে যাচ্ছে রোগীদের জন্য হেলথ আইডি সম্বলিত ‘স্বাস্থ্য কার্ড’। জাতীয়পরিচয়পত্রের ব্যক্তিগত তথ্যের ন্যায়, এই কার্ডে থাকবে ব্যক্তির স্বাস্থ্যসেবা তথ্য।
আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, ‘সকল সরকারি ও বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের মধ্যে স্বাস্থ্য তথ্য আদান প্রদান এবং বাংলাদেশের নাগরিকদের স্বাস্থ্য তথ্য সংরক্ষণের একক প্ল্যাটফর্ম প্রস্তুত করার লক্ষ্য নিয়ে ‘শেয়ারড হেলথ রেকর্ড’ বাস্তবায়নে স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস বিভাগের উদ্যোগে শুরু হয়েছে এই উন্নত স্বাস্থ্য ব্যবস্থা। স্বাস্থ্য কার্ড সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে এবং তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে সমগ্র সম্ভাব্য প্রক্রিয়ায় অবলম্বন করা হবে।’
এতে আরও বলা হয়েছে, ‘বর্তমানে ঢাকা মহানগরের মধ্যে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) এবং ঢাকা বিভাগের মানিকগঞ্জ ও গোপালগঞ্জের সকল সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান ও হাসপাতালে রোগীদের হেলথ আইডি প্রদান কার্যক্রমের পাইলটিং শুরু হয়েছে। শিগগিরই দেশের অন্যান্য সকল সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান এবং হাসপাতালে শুরু হবে এই ডিজিটাল পদ্ধতি। বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান ও হাসাপাতালগুলোও দ্রুততম সময়ের মধ্যে এই ডিজিটাল পদ্ধতির আওতাভুক্ত হবে।’
যে লক্ষ্যে স্বাস্থ্য কার্ড
►বাংলাদেশের হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানকে অটোমেশনের আওতাভুক্ত করা
►শেয়ারড হেলথ রেকর্ডের মাধ্যমে সকল প্রতিষ্ঠান কেন্দ্রীয়ভাবে সংযুক্তীকরণ
►বাংলাদেশের প্রত্যেক নাগরিকের থাকবে নিজস্ব ‘হেলথ আইডি’ নম্বর
►সুনির্দিষ্টভাবে রোগ নির্ণয় করা
►চিকিৎসাসেবার গুণগত মান বৃদ্ধি
►নাগরিকদের অর্থ ও সময় সাশ্রয়
►চিকিৎসা ব্যবস্থা আরও সুশৃঙ্খল
►সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা
যেসব সুবিধা পাওয়া যাবে
►রোগীদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল স্বাস্থ্য সেবার তথ্য সংরক্ষিত থাকবে এই ডিজিটাল ডাটাবেজে
►পূর্বের চিকিৎসা এবং পরীক্ষা-নীরিক্ষার কাগজ হারানোর ভয় থাকবে না
►অনলাইনেই থাকবে সব তথ্য, কোন কাগজ রোগীর বহন করে নিতে হবে না
►শুধু হেলথ কার্ডের বদৌলতেই পাওয়া যাবে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা
►সকল পরীক্ষা-নীরিক্ষার রিপোর্ট চলে যাবে রোগীর ইমেইল এড্রেসে
►অনলাইনে ঘরে বসেই রোগীরা হাসপাতালে এপয়েন্টমেন্ট নিতে পারবেন
যেভাবে মিলবে স্বাস্থ্য কার্ড
চিকিৎসা গ্রহণকালে স্বাস্থ্য অধিদপ্তর অনুমোদিত যে কোনো সরকারি-বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান ও হাসপাতালে গিয়ে জাতীয় পরিচয়পত্র কিংবা জন্মনিবন্ধনপত্র দেখালে, উক্ত প্রতিষ্ঠানের নির্ধারিত রেজিস্ট্রেশন কাউন্টার কিংবা বুথে গিয়ে স্বল্প সময়ের মধ্যে স্বাস্থ্য কার্ড হাতে পাওয়া যাবে। এ ছাড়া সরকার কর্তৃক খুব শীঘ্রই স্বাস্থ্য কার্ডের জন্য একটি বিশেষ ওয়েবসাইটের যাত্রা শুরু হতে যাচ্ছে। ওয়েবসাইটে যে কোন সময় যেকোন জায়গা থেকে অনলাইনে নিবন্ধনের মাধ্যমে স্বাস্থ্য কার্ড পাওয়া যাবে।
এসএস/এএনএম
-
৩ ঘন্টা আগে
-
৫ ঘন্টা আগে
-
১৯ অগাস্ট, ২০২৬
-
১৮ অগাস্ট, ২০২৬
-
১৮ অগাস্ট, ২০২৬
-
১৭ অগাস্ট, ২০২৬