গাজায় আশ্রয়শিবিরে ইসরায়েলের বোমা হামলায় নিহত ৫১
মেডিভয়েস ডেস্ক: গাজায় মাগাজি আশ্রয়শিবিরে ইসরায়েলের বোমা হামলায় ৫১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের বেশির ভাগই নারী ও শিশু। গাজা উপত্যকার মধ্যাঞ্চলে দেইর আল বালাহ এলাকায় মাগাজির অবস্থান।
শনিবার (৪ নভেম্বর) রাতে হওয়া এ হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন। ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফার বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কিদরা বলেন, হামলায় অনেক মানুষ নিহত হয়েছেন। তবে নিহত ব্যক্তির সংখ্যা ঠিক কত, তা সুনির্দিষ্ট করে উল্লেখ করেননি তিনি।
আল কিদরা আরও বলেন, হাসপাতালের জরুরি ওয়ার্ডে আর জায়গা না থাকায় গুরুতর আহত কয়েকজনকে মেঝেতে শুইয়ে চিকিৎসা দিতে হচ্ছে।
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। জবাবে ওই দিন থেকেই গাজাকে অবরুদ্ধ করে নির্বিচার বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে।
টিআই/