৩০ অক্টোবর, ২০২৩ ০৪:০৭ পিএম

প্রতিবছর স্তন ক্যান্সারে ৬ হাজার ৭৮৩ জন মহিলার মৃত্যু

প্রতিবছর স্তন ক্যান্সারে ৬ হাজার ৭৮৩ জন মহিলার মৃত্যু
বাংলাদেশে প্রতিবছর নতুনভাবে প্রায় আট হাজার ২৬৮ জন মহিলা জরায়ু-মুখ ক্যান্সারে আক্রান্ত হয় এবং চার হাজার ৯৭১ জন মহিলা মারা যান।

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশে প্রতিবছর নতুনভাবে প্রায় ১৩ হাজার ২৮ জন মহিলা স্তন ক্যান্সারে আক্রান্ত হয় এবং ছয় হাজার ৭৮৩ জন মহিলার মৃত্যু হয় বলে জানিয়েছে জাতীয় জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং এবং প্রশিক্ষণ কেন্দ্র।

আজ সোমবার (৩০ অক্টোবর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) জাতীয় জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং এবং প্রশিক্ষণ কেন্দ্রের ‘গবেষণা কক্ষের’ শুভ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানায় বক্তারা। আজ সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের এফ ব্লকে প্রধান অতিথির হিসেবে এ কক্ষের উদ্বোধন করেন বিএসএমএমইউ’র ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

জাতীয় জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং এবং প্রশিক্ষণ কেন্দ্রে জানায়, বাংলাদেশে প্রতিবছর নতুনভাবে প্রায় আট হাজার ২৬৮ জন মহিলা জরায়ু-মুখ ক্যান্সারে আক্রান্ত হয় এবং চার হাজার ৯৭১ জন মহিলা মারা যান। জরায়ু-মুখ ও স্তন ক্যান্সারে আক্রান্ত রোগীর বেঁচে থাকা অনেকাংশে নির্ভর করে, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় ও কার্যকরী চিকিৎসা প্রদানের উপর। দেরিতে রোগ সনাক্তকরণ হলে সঠিক চিকিৎসা ব্যবস্থাপনা কঠিন বিষয়। এতে মৃত্যু ঝুঁকি বৃদ্ধি পায়। বাংলাদেশে সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই এসব রোগের চিকিৎসা সুবিধা সীমিত ও ব্যয়বহুল। প্রাথমিক পর্যায়ে জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার সনাক্ত করা গেলে মৃত্যু সংখ্যা কমিয়ে আনা সম্ভব।

জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং কর্মসূচির আওতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সিংগাইর, মানিকগঞ্জ, রায়পুরা, নরসিংদী এ এইচপিডি পাইলট প্রোগ্রামসহ বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলা সদর হাসপাতালে ৩০ থেকে ৬০ বছর বয়সী মহিলাদের এইচপিভি নমুনা সংগ্রহ করা হচ্ছে। এই সকল নমুনা নিয়ে গবেষণা করা হবে। যার ফলে বাংলাদেশের মহিলাদের জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার চিকিৎসার নতুন দ্বার উন্মোচিত হবে।

উদ্বোধনকালে বিএসএমএমইউ ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, জরায়ু-মুখ ক্যান্সার বিশ্বজুড়ে মহিলাদের ক্যান্সারের মধ্যে চতুর্থতম এবং ক্যান্সার জনিত মৃত্যুর চতুর্থতম শীর্ষ কারণ। এ ছাড়া, স্তন ক্যান্সার বিশ্বব্যাপী এবং বাংলাদেশে উভয় ক্ষেত্রেই শীর্ষস্থানীয় ক্যান্সার। বাংলাদেশে নারীদের মৃত্যুর প্রধানতম দুটি কারণ হল জরায়ু-মুখ ক্যান্সার ও স্তন ক্যান্সার।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় রোগের প্রতিকার ও প্রতিরোধ নিয়ে গবেষণা করছে। গাইনোকোলজিক্যাল অনকোলজি বিভাগও অনেক গবেষণা করছে। উদ্বোধিত জাতীয় জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং এবং প্রশিক্ষণ কেন্দ্রের গবেষণা কক্ষ এ গবেষণা কাজ অনেক দূর এগিয়ে নিতে সহায়তা করবে।

অনুষ্ঠানে বিএসএমএমইউর প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহামন, গ্রন্থাগারিক অধ্যাপক ডা. মো. হারিসুল হক, প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. আশরাফুন্নেসা, গাইনোকোলজিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. শিরিন আক্তার বেগম, অধ্যাপক ডা. জান্নাতুল ফেরদৌস, করোস্কোপিস্ট ডা. সাদিয়া মাহবুবা রিপা প্রমুখসহ অন্যান্য চিকিৎসক, কর্মকর্তা ও নার্স উপস্থিত ছিলেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত