ক্যান্সারে সংসদ সচিবালয়ের পরিচালকের মৃত্যু
মেডিভেয়েস ডেস্ক: জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক লাবণ্য আহমেদ ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ বুধবার (২৫ অক্টোবর) দুপুর দেড়টার দিকে কলকাতার টাটা মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। সংসদ সচিবালয়ের কর্মকর্তারা গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
সংসদ সচিবালয় জানায়, ২০১৮ সাল থেকে ক্যান্সারে ভুগছিলেন তিনি। অবশেষে আজ (বুধবার) ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
লাবণ্য আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এরপর ১৯৯৬ সালের জুলাই মাসে সহকারী পরিচালক হিসেবে জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখায় যোগদানের পর থেকে সুদীর্ঘ সময়ে সংসদ সচিবালয়ের সব স্তরের সহকর্মীদের কাছে অত্যন্ত প্রিয়ভাজন ছিলেন তিনি। তিনি শহীদ পরিবারের সন্তান। আপন বড় মামা শহীদ শহীদুল্লা কায়সার এবং মেজ মামা শহীদ জহির রায়হানের ভাগ্নি তিনি। তার বাবা নাসির আহমেদ মুক্তিযুদ্ধের একজন সংগঠক ও অস্ত্র প্রশিক্ষক এবং ১৯৭২ সালে দায়েরকৃত বুদ্ধিজীবী হত্যা মামলার বাদী।
লাবণ্য আহমেদের মৃত্যুতে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, সংসদ উপনেতা মতিয়া চৌধুরী এমপি এবং চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।