চমেকে ইন্টার্ন চিকিৎসককে মারধরের অভিযোগ
মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এক ইন্টার্ন চিকিৎসককে মারধরের অভিযোগ উঠেছে চমেকের দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় নগরের পাঁচলাইশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
আজ মঙ্গলবার (১০ অক্টোবর) ভুক্তভোগী চিকিৎসক আকিল হায়দার জিদান মেডিভয়েসকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গত রোববার (৮ অক্টোবর) রাত ১টার দিকে হাসপাতালের গাইনি বিভাগের প্রি-অপারেটিভ রুমে গিয়ে ছাত্রলীগ নেতা ফয়েজ ও অভিজিৎ এক রোগীকে দেখতে বলেন। ওই সময় আমি অন্য রোগী দেখায় ব্যস্ত থাকায় কিছুক্ষণ পরে দেখবো বলে জানাই। এতে তারা ক্ষিপ্ত হয়ে গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে অভিজিৎ আমাকে মারধর করেন।’
তিনি আরও বলেন, ‘তাঁরা আমাকে হাসপাতালে ঢুকতে না দেওয়া ও জুনিয়রদের দিয়ে হেনস্থা করার হুমকিও দেয়। তাঁরা হত্যা করে লাশ গুম করার হুমকিও দেয়। আমি বিষয়টি আমাদের অধ্যক্ষ ম্যাম ও হাসপাতালের পরিচালক স্যারকে জানিয়েছি। পরে আমার নিরাপত্তার জন্য পাঁচলাইশ থানায় একটি জিডি করেছি।’
এ বিষয়ে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, ‘ইন্টার্ন চিকিৎসককে মারধরের বিষয়ে খোঁজ নিচ্ছি। জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
খোঁজ নিয়ে জানা যায়, অভিযুক্ত দুই ছাত্রলীগ নেতা ফয়েজ উল্ল্যাহ ও অভিজিৎ দাশের বিরুদ্ধে বিভিন্ন সময় শৃঙ্খলা ভঙ্গ, মারামারিসহ বিভিন্ন অভিযোগ উঠে। অভিযোগ প্রমাণিত হওয়ায় কয়েক মাস আগে অভিজিৎ দাশকে তিন বছরের জন্য বহিষ্কার করে কলেজ কর্তৃপক্ষ।
-
২০ নভেম্বর, ২০২৫
-
১১ অগাস্ট, ২০২৫
-
২৬ এপ্রিল, ২০২৫
-
২০ এপ্রিল, ২০২৫
-
০৭ অক্টোবর, ২০২৪