২৬ এপ্রিল, ২০২৫ ০৪:২১ পিএম

চমেকে চাপ কমাতে চট্টগ্রামে হচ্ছে ৫০০ শয্যার নতুন হাসপাতাল

চমেকে চাপ কমাতে চট্টগ্রামে হচ্ছে ৫০০ শয্যার নতুন হাসপাতাল
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের উপর চাপ কমাতে জেলায় আরেকটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। ৫০০ শয্যার এই হাসপাতালের জন্য দক্ষিণ চট্টগ্রামে ১০ একর জমি খোঁজা শুরু হয়েছে। ইতোমধ্যে জমি নির্ধারণের জন্য একাধিক স্থান পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম।

আজ শনিবার (২৬ এপ্রিল) দুপুরে কর্ণফুলী উপজেলার ক্রসিং এলাকার নতুন উপজেলা ভবনের পাশে খলিল মীর কলেজ সংলগ্ন জায়গা পরিদর্শন করেন উপদেষ্টা। পরে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

পরিদর্শনকালে হাসপাতাল নির্মাণের প্রয়োজনীয়তা ও সম্ভাবনা মূল্যায়ন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে এ বিষয়ে কথা বলেন নূরজাহান বেগম। একই সাথে আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা ও অগ্রগতির বিষয়েও দিক নির্দেশনা প্রদান করেন।

আশাবাদ ব্যক্ত করে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, হাসপাতালটি নির্মিত হলে শুধু কর্ণফুলী উপজেলা নয়, পার্শ্ববর্তী অন্তত তিনটি উপজেলার জনগণসহ দক্ষিণ চট্টগ্রামে স্বাস্থ্যসেবায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এর আগে গত ১৬ মার্চ উপদেষ্টা নূরজাহান বেগম পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিণখাইন এলাকায় আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পাশের জায়গা পরিদর্শন করেন। সে সময় আইডিয়াল স্কুল এক একর এবং স্থানীয় ব্যক্তি পর্যায়ে এক একর জায়গা প্রদানের কথা জানানো হয়। তবে স্বাস্থ্য বিভাগ হাসপাতালের জন্য খুঁজছিল ১০ একর জায়গা।

সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, সরকারি নির্দেশনা মতে হাসপাতাল নির্মাণের জন্য ১০ একর জায়গা দরকার। স্বাস্থ্য উপদেষ্টা সম্ভাব্য জায়গাটি পরিদর্শন করেছেন। সরকার অগ্রাধিকার ভিত্তিতেই হাসপাতালটি নির্মাণে আগ্রহী। তাই কাজ দ্রুত শুরু করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। এই হাসপাতাল নির্মিত হলে দক্ষিণ চট্টগ্রামের লাখো মানুষ উন্নত চিকিৎসাসেবা পাবে।

শনিবার পরিদর্শনকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, উপদেষ্টার একান্ত সচিব ডা. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. অং সুই প্রু মারমা, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রয়া ত্রিপুরা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাম্মৎ জেবুন্নেসা প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, দুই হাজার ২২ শয্যার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিদিন গড়ে প্রায় তিন হাজার ৩০০ রোগী ভর্তি থাকেন। হাসপাতালের সক্ষমতার তুলনায় হাজারেরও বেশি রোগীকে সেবা দিতে হিমশিম খেতে হয় প্রতিষ্ঠানটিকে। চট্টগ্রামের বাইরেও কক্সবাজারসহ তিন পার্বত্য জেলার বাসিন্দাদের চিকিৎসাসেবার জন্য এই হাসপাতালের উপর নির্ভর করতে হয়। 

কিন্তু চমেক হাসপাতালে পৌঁছাতে অনেক দুর্ভোগ পোহাতে হয় তিন পার্বত্য জেলা ও কক্সবাজারসহ দক্ষিণ চট্টগ্রামের উপজেলাগুলোর বাসিন্দাদের। যাতায়াত সময়সাপেক্ষ হওয়ায় মুমূর্ষু রোগীকে হাসপাতালে নেওয়ার আগেই অনেক সময় মারা যায়। এ অবস্থায় চমেক হাসপাতালে চাপ কমিয়ে বান্দরবান-কক্সবাজারসহ দক্ষিণ চট্টগ্রামের বাসিন্দাদের চিকিৎসাসেবার জন্য নতুন হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। হাসপাতালটি নির্মাণ হলে দক্ষিণ চট্টগ্রামের লাখো মানুষ স্বাস্থ্যসেবা পাবে।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল
মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

  এই বিভাগের সর্বাধিক পঠিত