রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে পিতৃত্বকালীন ছুটির বিধান চালু
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশে প্রথমবারের মতো মাতৃত্বকালীন ছুটির পাশাপাশি পিতৃত্বকালীন ছুটির বিধান প্রবর্তন করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়।
গত ২৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ২৪তম সিন্ডিকেট সভায় ছুটির বিধিমালা প্রণয়ন করা হয়। এই বিধিতে প্রচলিত সকল ছুটির সঙ্গে ১৫ দিনের জন্য পিতৃত্বকালীন ছুটির বিধান প্রণীত হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. ফিরোজ আহমদ মেডিভয়েসকে বলেন, ‘আমাদের সমাজে যারা বাবা হন, তাদেরওতো সন্তানের প্রতি দায়িত্ব রয়েছে। পিতৃত্বকালীন ছুটি না থাকায়, তারা অন্য ছুটি নিয়ে থাকেন। যেমন-আমি যখন বাবা হয়েছি, তখন দেখা গেছে আমি অর্জিত ছুটি (ইএল) বা নৈমিত্তিক ছুটি (সিএল) নিয়েছি। যারা বাবা হবেন, তারা যাতে সন্তানের দেখাশোনা ঠিকভাবে করতে পারেন এজন্যই গত সিন্ডিকেট মিটিংয়ে এই ছুটি বিধি করেছি।’
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মো. শাহ্ আজমের সভাপতিত্বে সিন্ডিকেট সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. ফিরোজ আহমদ, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান শারমিন সুলতানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব জহুরুল ইসলাম, সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব সুব্রত ভৌমিক, লেজিসলেটিভ বিভাগের যুগ্ম-সচিব মোহাম্মদ আসাদুজ্জামান নূর ও রেজিস্ট্রার মো. সোহরাব আলী।
এ বিষয়ে ভাইস চ্যান্সেলর অধ্যাপক শাহ্ আজম বলেন, নবীন বিশ্ববিদ্যালয় হওয়ায় এখানে তরুণ ও মেধাবী শিক্ষকরা পাঠদান করছেন। পাশাপাশি তরুণ কর্মকর্তা ও কর্মচারীও রয়েছেন। তাদের সন্তানদের দেখাশুনার জন্য আমরা মাতৃত্বকালীন ছুটির পাশাপাশি পিতৃত্বকালীন ছুটির বিধানটি আমলে নিয়েছি। একজন সন্তানের কাছে মা যেমন গুরুত্বপূর্ণ বাবার ভূমিকাও তেমনই। এসব দিক বিবেচনা করে আমাদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের যারা নতুন বিয়ে করেছেন তারা সর্বোচ্চ দুইবার পিতৃত্বকালীন ছুটি নেওয়ার সুযোগ পাবেন।
তিনি আরও বলেন, পিতৃত্বকালীন ছুটির বিধান থাকায় মায়ের পাশাপাশি বাবাও সন্তানকে দেখাশুনার সুযোগ পাবেন। এই সুযোগটি তাদের উদ্বেগজনক অবস্থা মোকাবিলায় সহায়ক হবে এবং মনস্তাত্ত্বিক প্রেষণা হিসেবে কাজ করবে। এর ফলে তারা বিশ্ববিদ্যালয়ের কাজে অধিক মনোযোগী হবেন, যা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক লক্ষ্য অর্জনে সহায়ক ভূমিকা রাখবে।
এএইচ/
-
০২ অক্টোবর, ২০২৩