সিনিয়র সচিব হলেন আনোয়ার হোসেন হাওলাদার
মেডিভয়েস রিপোর্ট: সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার।
মঙ্গলবার (২৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন বলা হয়, ‘ড. মু. আনোয়ার হোসেন হাওলাদারকে সিনিয়র সচিব পদে নিয়োগপূর্বক তার নামের পাশে উল্লিখিত কর্মস্থলে পদায়ন করা হলো।’
প্রসঙ্গত, ড. মু. আনোয়া হোসেন স্থানীয় সরকার বিভাগ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন পদে ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে কর্মরত ছিলেন। গত বছরের ১৪ জুন স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের দায়িত্ব নেন। স্বাস্থ্য সেবা বিভাগে সচিব হিসেবে দায়িত্ব পাওয়ার আগে তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্নীতি দমন কমিশনের সচিব হিসেবে কর্মরত ছিলেন।
এর আগে তিনি সহকারি কমিশনার হিসেবে খুলনা বিভাগীয় কমিশনার অফিস ও কুস্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালন করেন। মাঠ পর্যায়ে সহকারী কমিশনার ভূমি হিসেবে কুস্টিয়ার দৌলতপুর ও গাজীপুর সদর উপজেলায় দায়িত্ব পালন করেন তিনি।
ব্যক্তিগত জীবনে ড. আনোয়ার হোসেন হাওলাদার দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বিষয়ে স্নাতক (সম্মান) এবং এগ্রোনমি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
আনোয়ার হোসেন হাওলাদার ১৯৬৪ সালে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার রত্নাপুর গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি ১৯৯১ সালে ১০ম বিসিএস (প্রশাসন) ক্যাডারে সুযোগ পেয়ে কর্মজীবন শুরু করেন। শুরুতে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বরগুনার বামনা উপজেলা ও বাগেরহাটের কচুয়া উপজেলায় কাজ করেছেন। পরবর্তীতে জেলা প্রশাসক হিসেবে সাতক্ষীরা জেলায় দায়িত্ব পালন করেন। তিনি বিভাগীয় কমিশনার হিসবে খুলনা বিভাগে দায়িত্ব পালন করেছেন।