মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ দিনে ৬ শিশুর জন্ম
মেডিভয়েস রিপোর্ট: বাগেরহাটের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একদিনে ছয় শিশুর জন্ম হয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট) এসব ডেলিভারি সম্পন্ন হয়, ছয়জন গর্ভবতী মা ছয়টি শিশু প্রসব করেন। মা ও শিশুরা সুস্থ আছেন।
আজ বুধবার (৩০ আগস্ট) মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আফসানা নাঈমা হাসান মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, ডেলিভারি হওয়া ৬ জনের মধ্যে একজন গর্ভবতী মা মানসিক ভারসাম্যহীন। পূর্বে তার ৩টি সন্তান প্রসবকালীন সময় বা তার আগেই মারা যায়। এরপরও চিকিৎসকরা ঝুঁকি নিয়ে সিজারিয়ান সেকশনে অস্ত্রোপচারের মাধ্যমে গর্ভের শিশুটিকে পৃথিবীর আলো দেখাতে সক্ষম হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, এই স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান পূর্বের তুলনায় বৃদ্ধি পেয়েছে। হাসপাতালের উপর জনগণের আস্থাও বেড়েছে। বর্তমানে প্রতি মাসে গড়ে ৪০ থেকে ৪৫টি নরমাল ডেলিভারি হচ্ছে উপকূলীয় এলাকার প্রান্তিক জনগোষ্ঠির জন্য নির্মিত এই প্রতিষ্ঠানে।