‘দ্রুত নগরায়ণে অসংক্রামক রোগ বৃদ্ধি পাচ্ছে’
মেডিভয়েস ডেস্ক: দ্রুত নগরায়ণের ফলে অসংক্রামক রোগ বৃদ্ধি পাচ্ছে। শহুরে প্রান্তিক মানুষের জন্য সুচিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা নেই। সেজন্য শহরাঞ্চলে স্বাস্থ্য ব্যবস্থার উপরে জোর দেওয়া উচিত। ‘স্বাস্থ্য বিষয়ক গবেষণার ফলাফল প্রচারে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন বক্তারা।
মঙ্গলবার (২৯ আগস্ট) আর্ক ফাউন্ডেশনের কার্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। জনস্বাস্থ্য বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান আর্ক ফাউন্ডেশন এটি আয়োজন করে।
বক্তারা বলেন, সংবাদ মাধ্যম যেকোনো তথ্য একইসাথে জনগণ ও নীতি নির্ধারকদের কাছে পৌঁছে দেয়। গবেষণার ফল সহজ ভাষায় জনগণের কাছে তুলে ধরতে ভূমিকা রাখে। স্বাস্থ্য বিষয়ক নীতি নির্ধারণীতে সরকার সংবাদ মাধ্যমের তথ্যকে গুরুত্ব দেয়।
কর্মশালায় আর্ক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. রুমানা হক বলেন, জনস্বাস্থ্য বিষয়ে পরিচালিত গবেষণার ফল নীতি নির্ধারকদের পাশাপাশি জনগণের কাছে পৌঁছানো হবে। যাতে জনমত তৈরি হয় এবং তা নীতি প্রণয়নে সহায়তা করে।
আলোচনায় সাংবাদিকরা জানান, জনস্বাস্থ্য বিষয়ক সংবাদে পাঠক-দর্শক বেশ আগ্রহী। স্বাস্থ্য গবেষক ও সংবাদমাধ্যম তাই সম্মিলিত ভূমিকা রাখতে পারে। সেজন্য জনস্বাস্থ্য বিষয়ে গবেষণা দরকার ও এর ফল জনগণ ও নীতি নির্ধারকদের জানাতে যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার।