২৫ অগাস্ট, ২০২৩ ১১:৪১ এএম

বিএসএমএমইউর নার্সদের অনুমোদিত ইউনিফর্ম উদ্বোধন

বিএসএমএমইউর নার্সদের অনুমোদিত ইউনিফর্ম উদ্বোধন
নার্সদের ক্যাপ পরিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নার্সদের জন্য অনুমোদিত ইউনিফর্মের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) এ ব্লক অডিটোরিয়ামে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

এ সময় বিএসএমএমইউ ভিসি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা বৃদ্ধির পাশাপাশি সেবার মান বৃদ্ধি পাওয়ায় বহির্বিভাগে রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এখানকার চিকিৎসক, নার্সদের কারণে সেবার মান বৃদ্ধি পাওয়ায় সরকারের বিভিন্ন দপ্তরের পদস্থ ব্যক্তিরা প্রশংসা করেছেন। এটি আমাদের জন্য গর্বের ও অনুপ্রেরণার বিষয়।’

তিনি বলেন, ‘আমাদের নার্সদের আবাসন ব্যবস্থা সুনিশ্চিত করার জন্য আমরা নিরলস কাজ করছি। রাজধানী ও রাজধানীর আশেপাশে স্থান খুঁজছি। নার্সদের পেশার মানোন্নয়নের জন্য নানান উদ্যোগ নিয়েছি। যারা দীর্ঘদিন একই পদে আছেন তাদের পদোন্নতি কিভাবে দেয়া যায় সেজন্য একটি কমিটি কাজ করছে। আমরা আশা করছি, এসবের দ্রুত সমাধান হবে।’

নার্সদের উদ্দেশ্যে শারফুদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের নার্সদের সময় মত আসতে হবে। রোগীর সেবার জন্য তাদের আরও বেশী মনোযোগ দিতে হবে। রোগীর সেবায় মনোযোগ দেবার জন্য অফিস চলাকালীন সময়ে আমরা সোস্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করছি। নার্সদের মিষ্টি ভাষায় রোগী ও রোগীর স্বজনদের সঙ্গে কথা বলতে হবে। মনে রাখতে হবে রোগীর পাশে নার্সদেরই বেশী সময় থাকতে হয়। হাসপাতালে চিকিৎসকের পাশাপাশি রোগীর আপনজন হল নার্স। এ জন্য নার্সদের বেশী দায়িত্ব।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের  প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান, সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক বি. জে. ডা. মো. আব্দুল্লাহ আল হারুন, পরিচালক ( হাসপাতাল) ব্রি. জে. ডা. রেজাউর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের সেবা-তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) খালেদা আক্তার।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত