ডেঙ্গু মোকাবিলায় সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গু মোকাবিলায় সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
আজ রোববার (৩০ জুলাই) সকালে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ ও নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।
জাহিদ মালেক বলেন, ‘এ বছর বৃষ্টি ও বন্যা বেশি ছিল। যার কারণে মশাও বেড়েছে। বেড়েছে ডেঙ্গু রোগীও। মশা নিধন করলে ডেঙ্গু অটোমেটিক কমে আসবে।’
তিনি বলেন, ‘এখন পর্যন্ত বাংলাদেশে দুই শতাধিক লোক ডেঙ্গুতে মারা গেছে এবং ৪০ থেকে ৪৫ হাজার লোক আক্রান্ত হয়েছেন। সরকার ডেঙ্গুর চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। জেলা ও উপজেলা থেকে শুরু করে বড় বড় শহর এবং মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুর জন্য আলাদা বেডের ব্যবস্থা করা হয়েছে। ডেঙ্গুর চিকিৎসার জন্য পর্যাপ্ত স্যালাইন ও ওষুধের ব্যবস্থা রয়েছে।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ডাক্তার ও নার্সদের ডেঙ্গুর জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। টেস্টের ফি অর্ধেক করে দেওয়া হয়েছে। ধীরে ধীরে এই ডেঙ্গুর প্রকোপ কমে আসবে এবং একসময় বাংলাদেশ থেকে ডেঙ্গু নির্মূল হয়ে যাবে। আমাদের আহ্বান, বাসার আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন, মশা নিধন করুন।’
-
৬ ঘন্টা আগে
-
১২ মে, ২০২৬