ঝালকাঠিতে যাত্রীবাহী বাস পুকুরে, নিহত ১৭
মেডিভয়েস রিপোর্ট: ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের কাছে একটি পুকুরে যাত্রীবাহী বাস পড়ে শিশুসহ অন্তত ১৭ জন নিহত হয়েছেন।
আজ শনিবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৮ জন নারী, ৬ জন পুরুষ ও ৩ শিশু রয়েছে।
পুলিশ জানায়, বাশার স্মৃতি পরিবহণ নামের বাসটি প্রায় ৬০ জন যাত্রী নিয়ে পিরোজপুরের ভান্ডারিয়া থেকে বরিশাল যাচ্ছিল। পথিমধ্যে ছত্রকান্দা ধানসিড়ি ইউনিয়ন পরিষদের সামনে দ্রুতগতিতে আসা বাসটি একটি অটোকে সাইড দিতে গিয়ে উল্টে পুকুরে পড়ে যায়। খবর পেয়ে ঝালকাঠি থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ শুরু করে।
ঝালকাঠি থানার ওসি নাসির উদ্দিন সরকার সাংবাদিকদের জানান, ফারায় সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান শুরুর পর ঘটনাস্থল থেকে ১৩ জনের লাশ উদ্ধার করেন। হাসপাতালে নেওয়ার পর আরও চারজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে তাদের পাঁচজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকিদের ঝলকাঠি ও রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এএইচ/