০৮ জুলাই, ২০২৩ ১২:২২ পিএম

কর্মবিরতিতে বেসরকারি পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসকরা

কর্মবিরতিতে বেসরকারি পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসকরা
ফাইল ছবি।

মেডিভয়েস রিপোর্ট: মাসিক ভাতা ৫০ হাজার টাকায় উন্নীত করার দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন বেসরকারি পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা।

আজ শনিবার (৮ জুলাই) থেকে সকাল ১০ট থেকে পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের ব্যানারে রাজধানীর শহীদ মিনার এলাকায় এ কর্মসূচিতে যান তারা।

পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. জাবির হোসেন মেডিভয়েসকে বলেন, ‘দুপুর ১টা মধ্যে দাবি আদায় না হলে, পরবর্তীতে অন্য কর্মসূচিতে যাবেন চিকিৎসকরা। সেটি হতে পারে অনশন।’

আন্দোলনকারী চিকিৎসকরা জানিয়েছেন, ‘প্রাইভেট পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ডাক্তারদের বেতন-ভাতা বৃদ্ধি সংক্রান্ত ন্যায্য দাবির বিষয়ে বারবার কর্তৃপক্ষ সমর্থন দিয়ে থাকলেও তাদের আশ্বাস বরাবরের মতোই মিথ্যা প্রমাণিত হয়েছে। সম্প্রতি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক প্রাইভেট ট্রেইনিদের ব্যাপারে যে মন্তব্য করেছেন, সেটা থেকে প্রতীয়মান হয় যে, তিনি আমাদের কাজের পরিধি এবং আমাদের মানবেতর জীবন সম্পর্কে মোটেও অবগত নন। মিথ্যা আশ্বাস এবং সময়ক্ষেপণ ছাড়া কিছুই আমরা পাইনি। তাই ৮ জুলাই ২০২৩ (শনিবার) থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি এবং অবস্থান ধর্মঘটের ডাক দেওয়া হলো।

গত সোমবার (৩ জুলাই) পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস এসোসিয়েশনের সভাপতি ডা. জাবির হোসেন ও সাধারণ সম্পাদক ডা. নূরুন্নবী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে দাবি আদায়ে কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।

প্রসঙ্গত, ভাতা বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন আন্দোলন করছেন বেসরকারি পোস্ট গ্রাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। গত ১৭ জুন রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দাবি আদায়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের সহযোগিতা চান তারা।

চিকিৎসকরা বলেন, ‘স্যার আপনি আমাদের পিতৃতুল্য অভিভাবক। আমরা আপনার সাহায্যের জন্য কার্যালয়ে গিয়েছি। আমরা দ্বারে দ্বারে ঘুরছি। জানি না, এই ন্যায্য দাবি কে পূরণ করবেন! একজনের কাছে গেলে আরেকজনের কাছে পাঠায়। আরেজনের কাছে গেলে তিনি অন্যজনের কাছে যাওয়ার কথা বলেন। আপনি দিক-নির্দেশনা দিন, আমরা কার কাছে যাবো।’

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন, ‘আমরা শুনেছি, প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করলে আমাদের দাবি পূরণ হতে পারে। আমরা আপনার হস্তক্ষেপ কামনা করছি। সাড়ে সাত হাজার ছেলে-মেয়ে আপনার দিকে তাকিয়ে আছে। আপনি আমাদের দিকে তাকাবেন।’

রোগী সেবা সবচেয়ে গুরুত্বপূর্ণ জানিয়ে তারা বলেন, স্বাস্থ্যসেবা অব্যাহত রাখতে কর্মবিরতির ডাক দিয়েও তারা ঘরে ফিরে গেছেন। 

কোনো দেশে পোস্ট গ্রাজুয়েট প্রশিক্ষণার্থীদের ভাতা হয় না বলে বিএসএমএমইউ ভিসির দেওয়া তথ্য ভুল বলে উল্লেখ করেন প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। জানান, দক্ষিণ এশিয়ায় দেশগুলোর বাংলাদেশে রেসিডেন্ট চিকিৎসকদের ভাতা সবচেয়ে কম।

এএইচ/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বেসরকারি পোস্টগ্রাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসক
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক