১৮ জুন, ২০২৩ ০৫:০৪ পিএম

অধ্যাপক ডা. সংযুক্তা সাহার গ্রেপ্তার দাবি সহপাঠীদের

অধ্যাপক ডা. সংযুক্তা সাহার গ্রেপ্তার দাবি সহপাঠীদের
বিকেলে ল্যাবএইড হাসপাতালের সামনে আঁখির মৃত্যু পরবর্তী প্রতিক্রিয়ায় তারা এ দাবি জানান।

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর গ্রিন রোডে অবস্থিত সেন্ট্রাল হাসপাতালের চিকিৎসা নেওয়া নবজাতকের মৃত্যুর পর মা ও ইডেন কলেজের শিক্ষার্থী মাহবুবা রহমান আঁখির মৃত্যুর ঘটনায় অধ্যাপক ডা. সংযুক্তা সাহার গ্রেপ্তারের দাবি জানিয়েছে ইডেন কলেজে অধ্যয়নরত সহপাঠীরা। একইসঙ্গে সেন্ট্রাল হাসপাতালের লাইসেন্স বাতিল করে একদিনের মধ্যে হাসপাতালটি বন্ধের দাবি জানিয়েছে তারা।

আজ রোববার (১৮ জুন) বিকেলে ল্যাবএইড হাসপাতালের সামনে আঁখির মৃত্যু পরবর্তী প্রতিক্রিয়ায় তারা এসব দাবি জানান।

ইডেন কলেজের অধ্যয়নরত মুনিরা আঞ্জুম বলেন, ‘আজ আমার সহপাঠী আঁখি মারা গেল, তখন সবাই তাকে দেখতে আসছে, তার খোঁজ নিচ্ছে। কিন্তু এখন পর্যন্ত সেন্ট্রাল হাসপাতালের পক্ষ থেকে কেউ আসেনি, খোঁজখবরও নেয়নি। এমনকি যার আশ্বাসে আঁখি ঢাকায় এসেছিল, সেই ডা. সংযুক্তা সাহাও একদিন রোগীকে দেখতে আসেনি। আমরা মনে করি, সেন্ট্রাল হাসপাতাল বা ডা. সংযুক্তা কেউই এই হত্যাকাণ্ডের দায় এড়াতে পারে না।’

তিনি বলেন, ‘সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ লোক পাঠিয়ে আমাদেরকে হুমকি দেয়। বলে, কিছু দিন পর সবাই ভুলে যাবে, তোমাদের কত টাকা হইছে। কিছু দিন পর সব ঠিক হয়ে গেলে তোমাকে দেখে নেব। এভাবে আমাদের শিশুকে হত্যা ও আমাদের বোনকে হত্যা করার পর আমাদেরও হুমকি দিচ্ছে। আমরা সেন্ট্রাল হাসপাতালের কাছে যাব, আমাদেরও মেরে ফেলুক।’

প্রসঙ্গত, রোববার দুপুর ১টা ৪৩ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা যান মাহবুবা রহমান আঁখি।

জানা গেছে, গত তিন মাস ধরে সেন্ট্রাল হাসপাতালের গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সংযুক্তা সাহার অধীনে চিকিৎসা নিচ্ছিলেন মাহবুবা রহমান আঁখি। তার শারীরিক অবস্থা স্বাভাবিক ছিল বলে চিকিৎসক জানিয়েছিলেন। নরমাল ডেলিভারির মাধ্যমেই সন্তান প্রসব সম্ভব বলে তাকে আশ্বস্ত করেছিলেন ডা. সংযুক্তা সাহা।

প্রসব ব্যথা ওঠায় গত ৯ জুন দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে সেন্ট্রাল হাসপাতালে ডা. সংযুক্তার অধীনে মাহবুবাকে ভর্তি করা হয়। ওইসময় ডা. সংযুক্তা সাহা দেশেই ছিলেন না, অথচ হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর স্বজনদের জানায়, সংযুক্তা সাহা আছেন এবং ওটিতে (অপারেশন থিয়েটার) কাজ করছেন। অন্য চিকিৎসকের মাধ্যমে স্বাভাবিক প্রসবের চেষ্টা ব্যর্থ হলে তখন অস্ত্রোপচার করে বাচ্চা বের করা হয়। পরদিন মারা যায় শিশুটি।

এ বিষয়ে আঁখির স্বামী ইয়াকুব আলী বলেন, ‘আমার স্ত্রীকে যখন ওটিতে ঢোকানো হয় এবং নরমাল ডেলিভারির জন্য চেষ্টা শুরু করা হয়, তখনও আমি সংযুক্তা সাহা হাসপাতালে আছেন কি না জানতে চাই। কর্তৃপক্ষ জানায়, তিনি আছেন এবং তিনি চেষ্টা চালাচ্ছেন। পরে জানতে পেরেছি ডা. সংযুক্তা সাহা ছিলেন না এবং তারা রোগীর কোনোরকম চেক-আপ ছাড়াই ডেলিভারির কাজ শুরু করে দেন।’

এদিকে, এ ঘটনায় বুধবার ধানমন্ডি থানায় ‘অবহেলাজনিত মৃত্যু’র একটি মামলা দায়ের করেন ইয়াকুব আলী। মামলায় ডা. শাহজাদী মুস্তার্শিদা সুলতানা, ডা. মুনা সাহা, ডা. মিলি, সহকারী জমির, এহসান ও হাসপাতালের ম্যানেজার পারভেজকে আসামি করা হয়। এছাড়াও অজ্ঞাতনামা আরও কয়েকজনকেও আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর ১৫ই জুন রাতে ডা. শাহজাদী ও ডা. মুনা সাহাকে হাসপাতাল থেকে গ্রেপ্তার করে পুলিশ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : সেন্ট্রাল হাসপাতাল
প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক