পারিতোষিকের জন্য অবৈতনিক ফেলোশিপ প্রশিক্ষণার্থীদের আবেদনের আহ্বান
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) অবৈতনিক ফেলোশিপ প্রশিক্ষণার্থীদের শর্ত সাপেক্ষে পারিতোষিক পেতে আবেদনের আহ্বান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুন) প্রতিষ্ঠানটির অনারারি সচিব অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘বিসিপিএসের ফেলোশীপ প্রোগ্রামের আওতায় যে সকল অবৈতনিক প্রশিক্ষণার্থী ১ জুলাই ২০২৩ তারিখে ফেলোশীপ প্রশিক্ষণে প্রবেশ করবেন বা যাদের প্রশিক্ষণে প্রবেশের বিষয়টি প্রক্রিয়াধীন আছে, তাঁদেরকে শর্ত সাপেক্ষে পারিতোষিক প্রদান করা হবে। এমতাবস্থায়, কলেজের ওয়েবসাইটের এ লিঙ্কে (http://application.bcps.edu.bd) প্রবেশ করে অনলাইন আবেদন ফরমটি যথাযথভাবে পূরণ করে আগামী ১৪ আগষ্ট ২০২৩ তারিখের মধ্যে প্রিন্ট কপি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ কলেজের আরটিএম বিভাগ (ব্লক-বি, ২য় তলা) এ জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা যাচ্ছে।’
‘যারা এফসিপিএস প্রথম পর্ব পাস করেননি বা সাব-স্পেশালিটি বিষয়ে এনরোলমেন্ট সম্পন্ন করেননি তাঁরা এ ভাতার আওতায় আসবেন না। ইতিমধ্যে যারা পারিতোষিকের জন্য আবেদন করেছেন, তাঁদের পুনরায় আবেদন করা প্রয়োজন নাই’, বলা হয় বিজ্ঞপ্তিতে।